ভাড়া বাড়ানোর প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া বাড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে মানববন্ধন করেছেন রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এ সমস্যার প্রতিকারসহ তাঁরা বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। আজিজ মার্কেট ভাড়াটিয়া স্বার্থ-সংরক্ষণ পরিষদের উদ্যোগে মার্কেটসংলগ্ন সড়কের পাশে এই মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। ব্যবসায়ীরা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে মার্কেটের বিভিন্ন দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। এ জন্য দোকানমালিকদের মোটা অঙ্কের জামানত দিতে হয়েছে। তা ছাড়া প্রতি মাসে মালিককে অর্জিত টাকার বড় একটা অংশ দিয়ে দিতে হয়। এর পরও প্রতিবছর বেশ কয়েকজন মালিক দোকানের ভাড়া বাড়াচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে দুই-তিন গুণ ভাড়া বাড়ানো হচ্ছে। চলতি বছরও এর ব্যতিক্রম ঘটেনি। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভাড়া বাড়ানোর কারণে ইতিমধ্যে অনেক ব্যবসায়ী দোকান ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আবার মালিকেরা নিজে ব্যবসা করবেন বলে অনেক ব্যবসায়ীকে তাড়িয়ে দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যের কাছে ভাড়া দিচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকজন অসাধু ব্যক্তি দালাল হিসেবে কাজ করছেন। ব্যবসায়ী রবিন আহসান বলেন, ‘২১ বছর ধরে আজিজ মার্কেট গড়লাম আমরা। হঠাৎ মালিকেরা আমাদের উচ্ছেদে তৎপর কেন? আমাদের আয়ের ৭০ ভাগ দোকান-মালিকের ঘরে যায়, আমাদের সংসার কীভাবে চলবে?’