ভাড়া বাড়িতে পাঠদান, কমছে শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের জিলুকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে পাঠদানের অনুপযোগী নির্মাণাধীন আধা পাকা একটি ভবনে৷ এ অবস্থায় দিন দিন কমে যাচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা৷
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৪ সালে চার কক্ষ বিশিষ্ট এ ভবনটি নির্মাণ করা হয়৷ তবে ইতিমধ্যে ভবনটির বারান্দার খুঁটিগুলোর পলেস্তরা খসে রড বের হয়ে যায়৷ কক্ষগুলোর ছাদ ও দেওয়ালের পলেস্তারাও খসে পড়ে৷ ভবনের বিভিন্ন অংশে দেখা দেয় ভাঙন ও ফাটল৷ ভারী বৃষ্টিপাত হলেই ছাদ চুইয়ে শ্রেণীকক্ষে পানি জমে যেত৷ এ অবস্থায় ২০১৩ সালের ৩০ এপ্রিল বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে ওই ভবনে পাঠদান বন্ধ করে দেন৷ এর পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠানটির পাঠদান চলছে নির্মাণাধীন একটি ভাড়া ভবনে৷
সরেজমিনে গত বুধবার (১৪ মে) দেখা যায়, বিদ্যালয়ের অদূরে নির্মাণাধীন ছোট ছোট তিন কক্ষের একটি ভাড়া ভবনে চলছে পাঠদান৷ খোঁজ নিয়ে জানা গেলো, ভবনের মাসিক এক হাজার টাকা ভাড়া পরিশোধ করতে হয় বিদ্যালয়ের চার শিক্ষককেই৷ নির্মাণাধীন এ ভবনে কোনো শৌচাগার নেই৷ নেই পানীয় জলের ব্যবস্থা৷ মাত্র ১৫ জোড়া বেঞ্চে শতাধিক শিক্ষার্থী কোনোমতে ঠাসাঠাসি করে বসে পাঠ গ্রহণ করছে৷
বিদ্যালয় সূত্রটি আরও জানায়, এ রকম অবস্থায় শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমছে৷ গত বছর এখানে শিক্ষার্থী ছিল ১৭১৷ এ বছর রয়েছে মাত্র ১১৪ জন৷
প্রধান শিক্ষক শারমিন সুলতানা বলেন, ‘বাড়ি বাড়ি ঘুরে শিশুদের অানতে হয়৷ বিদ্যালয়ের এই পরিবেশে শিশুরা আসতে চায় না৷