ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় নির্যাতন
ভাড়া বাড়ানোর প্রতিবাদ করায় ঢাকার সাভারের নামা গেন্ডা এলাকায় গতকাল বুধবার সকালে বাড়ির মালিকের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক দম্পতি। তাঁদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার ওই দম্পতির নাম ফয়জার হোসেন (৩২) ও পারভীন আক্তার (২২)। তাঁরা সাভারের উলাইলের আনলিমা ডাইং নামের একটি পোশাক কারখানায় চাকরি করেন।ফয়জার ও পারভীন জানান, তিন বছরেরও বেশি সময় ধরে তাঁরা নামা গেন্ডার জহিরুল ইসলামের বাসায় ভাড়া থাকেন। তাঁরা প্রথম থেকে টিনের তৈরি একটি কক্ষের দেড় হাজার টাকা ভাড়া দিয়ে আসছিলেন। গত জানুয়ারি মাসে ওই কক্ষের ভাড়া ৩০০ টাকা বাড়িয়ে এক হাজার ৮০০ টাকা করা হয়। চলতি মাসে ওই ভাড়া আরও ৪০০ টাকা বাড়িয়ে দুই হাজার ২০০ টাকা করা হয়। গতকাল তাঁরা এর প্রতিবাদ করলে বাড়ির মালিক জহিরুলের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে জহিরুল বাড়ির মূল ফটক বন্ধ করে তাঁদের একটি কক্ষে আটকে রাখেন। এরপর জহির এবং তাঁর ভাই মাইদুল রড ও লাঠি দিয়ে তাঁদের পেটান। প্রতিবেশীরা জানান, মারধরের একপর্যায়ে নির্যাতিতদের ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকারে তাঁরা ঘটনাস্থলে এগিয়ে যান। কিন্তু বাড়ির মূল ফটক বন্ধ থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। মারধরের একপর্যায়ে ফয়জার ও পারভীন অচেতন হয়ে পড়লে বাসার ফটক খুলে দেওয়া হয়। এ সময় তাঁরা তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পারভীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আর্থিক সমস্যার কারণে প্রতিবেশীরা তাঁকে সাভারের সীমা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।হাসপাতালে গিয়ে দেখা যায়, পারভীনের শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে। ফয়জারের শরীরেও নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার পর নির্যাতিতদের পক্ষ থেকে গতকালই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মামলা না নিয়ে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলমকে। বাড়ির মালিক জহিরুল সাংবাদিকদের বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে হাতহাতির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে ফেলা হয়েছে। তবে ফয়জার মিটমাটের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মীমাংসা করার জন্য আমাদের চাপ দেওয়া হচ্ছে। কিন্তু আমরা রাজি হইনি। মামলা করেছি, যা হয় আদালতেই হবে।’