ভাড়া বৃদ্ধির প্রস্তাবে 'অযৌক্তিক' ব্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সিএনজিচালিত বাস-মিনিবাস ও অটোরিকশার ভাড়া বাড়ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ব্যয় বিশ্লেষণ কমিটি ইতিমধ্যে ভাড়া বৃদ্ধির প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অভিযোগ উঠেছে, কমিটির বিশ্লেষণে অযৌক্তিক ব্যয় বিবেচনায় নেওয়া হয়েছে।
বিআরটিএর সূত্র বলেছে, আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নতুন ভাড়া ঘোষণা করতে পারেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সিএনজির মূল্য প্রতি ঘনফুটে পাঁচ টাকা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর এই উদ্যোগ। কিন্তু কমিটি জ্বালানির পাশাপাশি গণপরিবহনের সব ধরনের ব্যয় বিবেচনায় নিয়ে নতুন ভাড়ার প্রস্তাব করেছে।
বিআরটিএর তথ্য অনুসারে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সিএনজিচালিত অটোরিকশা চলে প্রায় ২৫ হাজার। এর প্রায় সবই মেয়াদোত্তীর্ণ। বাস-মিনিবাসের অনুমোদন আছে প্রায় সাত হাজার, যার অধিকাংশই পুরোনো। অথচ নতুন বাসের ব্যয় বিশ্লেষণ ধরে ভাড়া বৃদ্ধির প্রস্তাব তৈরি করা হয়েছে। নতুন বাসের বয়সসীমা ধরা হয়েছে ১০ বছর।
বিআরটিএর সূত্র বলেছে, ব্যয় বিশ্লেষণ কমিটি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাস-মিনিবাসের ভাড়া ১২ পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছে। অন্যদিকে মালিক সমিতি ১৫ পয়সা বৃদ্ধির দাবি করেছে।
মালিকেরা বাস-মিনিবাসের জন্য একই ভাড়া ঠিক করারও দাবি তুলেছেন। অবশ্য অটোরিকশা ও বাস-মিনিবাসের মালিক-শ্রমিকদের বিরুদ্ধে সরকার-নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরেই।
বর্তমানে বাসের ভাড়া নির্ধারিত আছে প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সা। আর মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা।সিএনজিচালিত অটোরিকশার জন্য প্রথম দুই কিলোমিটারের ভাড়া প্রস্তাব করা হয়েছে ৪০ টাকা। বর্তমানে তা ২৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া প্রস্তাব করা হয়েছে ১২ টাকা। বর্তমানে প্রতি কিলোমিটারের সরকার-নির্ধারিত ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা। এ ছাড়া প্রতি মিনিট ওয়েটিংয়ের (যাত্রাবিরতি, সিগন্যাল ও যানজট) জন্য ৬০ পয়সা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অটোরিকশার দৈনিক জমা ৬০০ টাকা থেকে বৃদ্ধি করে ৮৫০ করার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। অবশ্য রাজধানীতে কোনো অটোরিকশাই মিটারে চলে না।
বাস ও অটোরিকশার ভাড়া প্রস্তাব করার জন্য বিআরটিএর চেয়ারম্যানের নেতৃত্বে আলাদা দুটি কমিটি রয়েছে। বাসের কমিটির সদস্য ১০ জন এবং অটোরিকশার আটজন। দুটি কমিটিতেই সরকারি কর্মকর্তাদের বাইরে মালিক-শ্রমিক সংগঠনের চারজন করে প্রতিনিধি আছেন। আর কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মাত্র একজন। কমিটিতে মালিক-শ্রমিক নেতাদের দাপটের কারণে ক্যাব প্রতিনিধি এবার বাসের ব্যয় বিশ্লেষণের বৈঠকে অংশই নেননি।
ক্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাকে সংগঠন থেকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে খুব একটা ভূমিকা রাখার সুযোগ থাকে না। এ জন্যই যাইনি।’
সম্প্রতি ক্যাব বিআরটিএকে চিঠি দিয়ে ব্যয় বিশ্লেষণ কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধির সমসংখ্যায় যাত্রী প্রতিনিধি রাখার প্রস্তাব দিয়েছে।
সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বৈঠকে ব্যয় বিশ্লেষণে ত্রুটিসহ সব প্রশ্নেরই উত্তর খোঁজা হবে। যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিক—সবার জন্যই সহনীয় হয় এমন সিদ্ধান্তই নেওয়া হবে।’
ব্যয় বিশ্লেষণে গোঁজামিল: বিআরটিএর সূত্র বলেছে, রূপান্তরিত নয়, সিএনজিচালিত হিসেবেই তৈরি এমন নতুন বাসের ব্যয় বিশ্লেষণ করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। কিন্তু ঢাকা ও চট্টগ্রামে চলাচলরত বাস-মিনিবাসের বেশির ভাগই ডিজেল থেকে সিএনজিতে রূপান্তর করা।
বিশ্লেষণে বড় বাস কেনা, ব্যাংক সুদ, নিবন্ধন খরচসহ মালিকের মোট বিনিয়োগ ধরা হয়েছে প্রায় সাড়ে ৪৭ লাখ টাকা। তবে ঢাকা ও চট্টগ্রামে এত দামি বাস চলাচল করতে দেখা যায় না। এ ছাড়া ঢাকায় গত দুই বছরে নতুন বাস নেমেছে খুব কম।
বাসে ৮০ শতাংশ গড় বোঝাই (যত আসন পূর্ণ হয়ে চলে) ধরে ভাড়া প্রস্তাব করা হয়েছে। তবে বাস্তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সব সময় আসন পূর্ণ হওয়ার পরও যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করেন। অফিস শুরু ও ছুটির সময় বাসে যাত্রী থাকে গাদাগাদি।
বিআরটিএর সূত্র বলেছে, বাসে যাত্রী বোঝাইয়ের হারের ওপর ভাড়া অনেকাংশে নির্ভরশীল। গড় বোঝাই ৯০ শতাংশ হলে কিলোমিটার-প্রতি ভাড়া কমে যায় ২০ পয়সা। এতে ভাড়া হবে বিদ্যমান ভাড়ার চেয়েও কম।
প্রতিটি বাসে একজন চালক, তিনজন সহযোগী ও তিনজন তত্ত্বাবধায়ক চাকরি করে ধরে নিয়ে ভাড়া ঠিক করা হয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামে চালকের সঙ্গে একজন সহকারী ও একজন তত্ত্বাবধায়কই দায়িত্ব পালন করেন। এই খাতে দৈনিক ব্যয় ধরা হয়েছে দুই হাজার টাকা। এর জন্য প্রতি কিলোমিটারে যাত্রীর ভাড়া পড়েছে ৩০ পয়সা। যাত্রী অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা এই হিসাবকে বলছেন ‘গোঁজামিল’।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে বাসে উঠে একটা আসন পাওয়া মানে এক খণ্ড জমি পাওয়ার মতো বিষয়। সেখানে কীভাবে ২০ শতাংশ আসন ফাঁকা থাকে? বিশ্লেষণে অনেক আজগুবি ব্যয় ঢুকে গেছে।’ তিনি বলেন, বাসে নির্ধারিত আসনের চেয়ে বেশি আসন সংযোজন করা হয়েছে। ফলে বসে পা মেলা যায় না, বসতে হয় চাপাচাপি করে। দাঁড়িয়ে থাকতে হয় গাদাগাদি করে। আসন ছেঁড়া, ময়লা। বাসও লক্কড়-ঝক্কড়। ঠিকভাবে ব্যয় বিশ্লেষণ করলে ভাড়া বর্তমানের চেয়েও কমবে।