ভাড়াটিয়া মনোয়ারা তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বনপাড়ায় খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় তাঁর বাড়ির ভাড়াটে মনোয়ারা বেগমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বড়াইগ্রাম আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিন আজ সোমবার দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের উপপরিদর্শক (সিএসআই) নবিউর রহমান জানান, সুনীল গোমেজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হাই গতকাল রোববার আসামি মনোয়ারা বেগমের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। গত শনিবার রাতে তাঁকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, সুনীল খুনের ঘটনার কিছুদিন আগে তাঁর স্ত্রীর সঙ্গে ভাড়াটে মনোয়ারা বেগমের গন্ডগোল হয়েছিল। এরপর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। ঘটনার দিন ওই বাড়িতে থাকলেও ঘটনার পর পরই তিনি ঢাকায় তাঁর স্বামীর কাছে চলে যান। এসব কারণে মনোয়ারা বেগমকে নিহত সুনীলের স্বজনেরা সন্দেহ করছেন। তাই তাঁকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ দরকার। এ সময় মনোয়ারা বেগমের পক্ষে আইনজীবী না থাকায় রিমান্ড আবেদনের কেউ বিরোধিতা করেনি।
এদিকে একই সময় আগে গ্রেপ্তার হওয়া আসামি সবুজ আলীর জামিনের প্রার্থনা করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ৫ জুন দুপুরে দুর্বৃত্তরা বনপাড়া খ্রিষ্টান ধর্মপল্লির বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজকে তাঁর দোকানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে তাঁর মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেন।