মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে স্কুলছাত্রী মিলি রানী দাসকে (১৫) খুন করা হয়। ঘটনার পর গ্রেপ্তার হওয়া শিহাব উদ্দিন ওরফে রুবেল ও গৌছ আলী গতকাল শনিবার সুনামগঞ্জের বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। জ্যেষ্ঠ বিচারক মো. মুসলেহ উদ্দিন দুজনের জবানবন্দি রেকর্ড করে তাঁদের কারাগারে পাঠান। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামাল মুন্সি প্রথম আলোকে বলেন, ‘টাকা দিয়ে লোক ভাড়া করে মিলিকে হত্যা করা হয়েছে। যিনি এ কাজ করেছেন, জবানবন্দিতে তাঁর নাম এসেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর নাম গোপন রাখা হচ্ছে। তাঁকে গ্রেপ্তার করা হলে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটিত হবে।’ জবানবন্দিতে শিহাব ও গৌছ আলী জানান, তাঁরা জাউয়া এলাকায় থাকতেন। জাউয়াবাজারের এক ব্যক্তি (গ্রেপ্তারের স্বার্থে নাম প্রকাশ করা গেল না) মিলিকে খুন করতে রুবেলকে ১৫ হাজার টাকা ও গৌছ আলীকে পাঁচ হাজার টাকা দেবেন বলে মৌখিক চুক্তি করেন। খুনের আগে তাঁদের দুজনকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। হত্যাকাণ্ডে তাঁদের সঙ্গে আরও তিনজন সঙ্গী দেওয়া হয়। গত ২২ ফেব্রুয়ারি রাত আড়াইটায় তাঁরা বারান্দার গ্রিল খুলে মিলির শোবার ঘরে ঢোকেন। এ সময় রুবেল দরজার পাশে ছিলেন। গৌছ রান্নাঘর থেকে দা এনে ঘুমন্ত অবস্থায় মিলিকে একটি কোপ দেন। এরপর সঙ্গী একজন আরেকটি কোপ দেন। চিৎকার শুনে মিলির ফুফু ডলি রানী তালুকদার জেগে উঠে চিৎকার দেন। তাঁকে একটি কোপ দিলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁরা পালিয়ে ওই ব্যক্তির (টাকাদাতা) বাড়িতে গিয়ে রাত কাটান। জবানবন্দিতে রুবেল ও গৌছ দুজনই অভিন্ন সুরে বলেন, ‘কী কারণে মিলিকে মারতে বলা হয়েছে, আমরা জানি না। আমাদের টাকা দেওয়ার কথা বলায় এ ঘটনা ঘটিয়েছি। শেষে পুরো টাকাও পাইনি।’ এ জন্য রুবেল ও গৌছ আদালতে অনুশোচনাও প্রকাশ করেন।প্রসঙ্গত, মিলি রানী দাসের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দ্বিতীয়ারদেহী গ্রামে। সে বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ত। গ্রামীণ ব্যাংক জাউয়াবাজার শাখার মাঠকর্মী পদে কর্মরত ফুফু ডলি রানীর বাসায় বেড়াতে গিয়ে খুন হয় মিলি। দুর্বৃত্তদের হামলায় ডলিও আহত হন। এ ঘটনায় মিলির ফুফা জয়দেব দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। গত বৃহস্পতিবার রুবেল এবং শুক্রবার গৌছ ও ছমিরউদ্দিন নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।