ভাড়াটে নারীর অভিযোগ, মালিকের দুই ভাই কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে মামাতো-ফুফাতো দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মামাতো ভাই নূর উদ্দীনকে (৪৮) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফুফাতো ভাই সোহেলের (২৬) বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাঁকে বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। গতকাল সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।সোহেলের দাবি, বাড়ির ভাড়াটে ওই নারীকে তাঁরা উত্ত্যক্ত করেননি, বাসা ছেড়ে দিতে বলেছিলেন। এরই জের ধরে ওই নারী ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করেছেন। অভিযোগকারী নারী আদালতকে জানান, সোহেল তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন, বাসায় ঢুকে কুপ্রস্তাবও দেন। রাজি না হওয়ায় তিনি তাঁকে গালাগাল করেন। বিষয়টি নূর উদ্দীনকে জানানো হলে তিনিও তাঁকে উত্ত্যক্ত করা শুরু করেন।তবে নূর উদ্দীন বলেন, বাসা ছেড়ে না দেওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি মহিলাকে গালাগাল করেছেন। আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন।গতকাল সকাল নয়টার দিকে বনশ্রীর ব্লক বি-এর ২ নম্বর সড়কের ওই বাড়িটির নিচতলায় আদালত বসেন। সেখানে বাদী-বিবাদী, পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। রামপুরা থানার পুলিশ জানায়, অভিযোগকারী যে বাড়িতে থাকেন, আসামিরা সেই বাড়ির মালিকপক্ষ। তাঁরা বাড়ির মালিকের ভাই। মালিক না থাকায় তাঁরাই ওই ছয়তলা বাড়িটির দেখাশোনা করেন। আর ওই নারীর স্বামী ঢাকার বাইরে চাকরি করেন।ভাড়াটে-মালিক বিবাদ চলছিল: সোহেল জানান, বাড়িটির মূল মালিক তাঁর ভাই। নূর উদ্দীন ও তিনি ওই ছয়তলা বাড়িটি দেখাশোনা করেন। অভিযোগকারী ভাড়াটে একটি বিউটি পারলারে কাজ করেন। তাঁর বাসায় বিভিন্ন লোকজনের আনাগোনা দেখে তাঁকে বাসা ছেড়ে দিতে বলা হয়। তিনি বাসা ছাড়ছিলেন না। বিষয়টি তাঁরা বাড়ির মালিকদের সংগঠন স্থানীয় কল্যাণ সমিতিকেও জানান। এ নিয়ে সালিসও হয়।স্থানীয় কল্যাণ সমিতির কয়েকজন সদস্য (বাড়িওয়ালা) জানিয়েছেন, সালিসে বাসা ছাড়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু ভাড়াটে তা মানেননি।