ভাড়াটে পরীক্ষার্থীর জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন ফজলুর রহমান (২৬) ও সিদ্দিকুর রহমান (২২)। তাঁদের ভাড়া করে আনেন বাগমারার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের দুজন পরীক্ষার্থী। বৃহস্পতিবার যথারীতি পরীক্ষা দিতে শুরু করেন। পরীক্ষা শেষ হওয়ার আগেই ধরা পড়েন তাঁরা। আসল পরীক্ষার্থী আমজাদ হোসেনও (২৩) পাকড়াও হয়েছেন। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারার তাহেরপুর পরীক্ষা কেন্দ্রে।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা একই উপজেলার তাহেরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার প্রথম দিনে ইংরেজি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীদের সঙ্গে অংশ নেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফজলুর রহমান ও রাজশাহীর বাগমারার সিদ্দিকুর রহমান। তাঁরা ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র আমজাদ হোসেন ও মতিউর রহমানের ভাড়াটে পরীক্ষার্থী হিসেবে অংশ নেন। তাঁরা প্রবেশপত্র থেকে আমজাদ হোসেন ও মতিউর রহমানের ছবি তুলে ফেলে সেখানে নিজেদের ছবি সেঁটে দেন। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে কক্ষ পরিদর্শক তাঁদের প্রবেশপত্র দেখে সন্দেহ করেন। প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তাঁদের চেহারার মিল থাকলেও তা পরে লাগানো বলে তিনি নিশ্চিত হন। এ সময় তাঁরা অসংলগ্ন কথাবার্তা বলেন। একপর্যায়ে তাঁরা ভাড়াটে পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন।পরে এ দুই ভুয়া পরীক্ষার্থী পাহাড়পুরের সিদ্দিকুর রহমান ও সিরাজগঞ্জের ফজলুর রহমানকে আটক করা হয়। তাঁরা জানান, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের পরীক্ষার্থী আমজাদ হোসেন ও মতিউর রহমানের হয়ে টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। মূল পরীক্ষার্থীরা কেন্দ্রের ফটকে অবস্থান করছেন বলেও তাঁরা জানান। এ সময় তাঁরা পুলিশের সঙ্গে কেন্দ্রের বাইরে এসে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের পরীক্ষার্থী মতিউর রহমান ও আমজাদ হোসেনকে শনাক্ত করেন। পুলিশ আমজাদ হোসেন নামের একজনকে আটক করতে পারলেও অন্যজন সটকে পড়েন।আমজাদ হোসেনকে বহিষ্কার করা এবং পরীক্ষা শেষে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের বিচার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাগমারার ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান তাঁদের তিনজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা জানান, টাকার বিনিময়ে তাঁরা পরীক্ষা দিতে এসেছেন। ফজলুর রহমান জানান, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন। কয়েক বছর ধরে ভবানীগঞ্জ কলেজের পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিয়ে আসছেন। তিনিসহ এ চক্রের আরও কয়েকজন সদস্য উত্তরাঞ্চলের বিভিন্ন কেন্দ্রে ভাড়ায় পরীক্ষা দিচ্ছেন বলে ভ্রাম্যমাণ আদালত জানান।ইউএনও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।