ভাড়াটে মনোয়ারা বেগমের তিন দিনের রিমান্ড
নাটোরের বনপাড়ায় খ্রিষ্টান ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বাড়ির ভাড়াটে মনোয়ারা বেগম ওরফে মনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কোর্ট পুলিশের উপপরিদর্শক (সিএসআই) নবিউর রহমান জানান, এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই মনোয়ারা বেগমের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তিনি আদালতকে বলেন, সুনীল হত্যা কিছুদিন আগে তাঁর স্ত্রীর সঙ্গে ভাড়াটে মনোয়ারা বেগমের বিরোধ হয়েছিল। এরপর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। ঘটনার দিন মনোয়ারা ওই বাড়িতে থাকলেও ঘটনার পরপরই তিনি ঢাকায় স্বামীর কাছে চলে যান। এসব কারণে তাঁর প্রতি নিহত ব্যক্তির স্বজনদের সন্দেহ রয়েছে।
মনোয়ারা বেগমের পক্ষে আইনজীবী না থাকায় রিমান্ড আবেদনের কেউ বিরোধিতা করেননি। শুনানি শেষে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার হওয়া সুনীল গোমেজের বাড়ির আরেক ভাড়াটে সবুজ আলীর জামিনের প্রার্থনা করেন তাঁর আইনজীবী। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন।