ভাড়াটে লোক, শ্রমিক নিয়ে অবরোধ হলমার্কের
সাভারের হেমায়েতপুরে গতকাল শুক্রবার সকালে ভাড়াটে লোকজন ও কারখানার শ্রমিক নিয়ে মানববন্ধন করে আলোচিত হলমার্ক গ্রুপ। পরে ঢাকা-আরিচা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এ সময় অবরোধকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। সাভার থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল থেকে হেমায়েতপুরের নন্দখালীতে হলমার্ক গ্রুপের কার্যালয়ে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। এরপর ট্রাকে ট্রাকে আনা হয় ভাড়াটে লোকজন। বেলা ১১টার দিকে মানববন্ধন করার জন্য এসব শ্রমিক ও ভাড়াটে লোকজনকে দাঁড় করিয়ে দেওয়া হয় কারখানাসংলগ্ন হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে। আধা ঘণ্টার মানববন্ধন শেষে মিছিল বের করা হয়। এতে অংশ নেন প্রায় দেড় হাজার শ্রমিক ও হাজার খানেক ভাড়াটে লোক। মিছিলে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জিএম) শামীম আল মামুন। আর মিছিলটিতে ভাগে ভাগে ছিল ভাড়াটে সন্ত্রাসীরা। মিছিলে অংশ নেওয়া লোকজন হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে লালন সিএনজি স্টেশনের সামনে বসে পড়ে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রেখে তারা যানবাহন ভাঙচুরের পাশাপাশি বিক্ষোভ করে। তারা হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানায়। এ ছাড়া, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলমার্ক গ্রুপের দুর্নীতির সংবাদকে অপপ্রচার আখ্যায়িত করে তা বন্ধের দাবি জানায়। খবর পেয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। বেলা একটার দিকে পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন নারী শ্রমিক জানান, গতকাল সকালে কর্মস্থলে উস্থিত হওয়ার পর তাঁদের মানববন্ধন ও মিছিলে যেতে বাধ্য করা হয়। শ্রমিক নয়, এমন অনেকেও মিছিলে অংশ নেয় বলে জানান তাঁরা। সাংবাদিকেরা মিছিলে অংশ নেওয়া বহিরাগত এক নারীর ছবি তুলতে চাইলে তিনি বলেন, ‘এই, আমি শ্রমিক না। আমার ছবি তুইলেন না।’ এ সময় হলমার্কের কয়েজন ভাড়াটে সন্ত্রাসী সাংবাদিকদের দিকে তেড়ে আসে।