চট্টগ্রাম মহানগর বিএনপির রাজনীতি এবার নতুন মোড় নিয়েছে। চট্টগ্রামের রাজনীতিতে একসময়ের দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন এখন এক হয়েছেন। তাঁদের নেতৃত্বে নগর বিএনপির একটি পক্ষ নানা কর্মসূচি পালন করছে। অন্য পক্ষের নেতৃত্বে আছেন নগর বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে ভাড়াটে লোক এনে সমাবেশ করাসহ নানা অভিযোগ আনেন।দলীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করতেন নোমান ও মীর নাছির। এখন এই দুই পুরোনো শত্রু মিত্রতে পরিণত হয়েছেন। এতে খসরুবিরোধীরা আগের চেয়ে বেশি শক্তিশালী হয়েছেন বলে মনে করা হচ্ছে।দলীয় সূত্র জানায়, খসরু এবং নোমান-মীর নাছিরের অনুসারীরা পরস্পরের বিরুদ্ধে বিষোদগার করছেন। দলীয় কর্মসূচিতে কে কত বেশি নেতা-কর্মী জড়ো করতে পারেন তার প্রতিযোগিতা চলছে। উভয় পক্ষের সাম্প্রতিক কর্মসূচিতে বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি দেখা গেছে। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে বস্তি থেকে লোকজন ভাড়া করে আনারও অভিযোগ তোলেন। গত সপ্তাহে নোমান ও মীর নাছির নগরের জেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন। এর আগের সপ্তাহে সমাবেশ করেন আমীর খসরু। উভয়ের সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। তবে নোমানের সমাবেশে বস্তি থেকে লোকজন ভাড়া করে আনা হয় বলে খসরুর একজন অনুসারী দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, নোমানের জনসমর্থন কমে ১০ শতাংশে নেমে এসেছে। তাঁকে ঠেকাতে নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমই যথেষ্ট। আর মীর নাছির রাজনীতিতে একা হয়ে পড়েছেন। তবে এই দাবি প্রত্যাখ্যান করে মীর নাছির প্রথম আলোকে বলেন, ‘৩২ বছর আগে জাগদল হলে ওই দলের সদস্য ছিলাম আমি। কঠিন সময়ে আমরা রাজনীতি শুরু করি। বিএনপি আজ পরিপূর্ণ একটি রাজনৈতিক দল। এই দল চারবার ক্ষমতায় ছিল। আজ যাঁরা আমাদের কটাক্ষ করে কথা বলছেন ৩২ বছর আগের রাজনীতিতে তাঁদের কোনো অস্তিত্ব ছিল না।’ মীর নাছির দাবি করেন, ‘খসরুকে আহ্বায়ক করার পর আমি তাঁকে সমর্থন দিই। অথচ আজ তাঁর লোকজন আমার কাছে এলে তিনি তা সহ্য করতে পারেন না। রাজনীতিতে সহনশীলতা না থাকলে অন্যদের কাছ থেকে সম্মান পাওয়া যায় না।’এ প্রসঙ্গে জানতে চাইলে মীর নাছিরের বক্তব্য সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি আমীর খসরু। তবে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতিতে অনুসারী-টনুসারী বলতে কিছু নেই। আমি নগর বিএনপির সভাপতি। যাঁরা বিএনপি ও জিয়ার রাজনীতিতে বিশ্বাসী তাঁরা তো আমার সঙ্গে আছেন।’ খসরুর একজন অনুসারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নোমান ও মীর নাছির নিজেরাই নিজেদের অবস্থান নষ্ট করছেন। কিছু নেতা নিয়ে স্থানীয় রাজনীতিতে তাঁরা টিকে আছেন। তাঁদের মোকাবিলার জন্য কোতোয়ালি আসনের সম্ভাব্য প্রার্থী ও শিল্পপতি শামছুল আলম যথেষ্ট। খসরুকে বিচক্ষণ নেতা দাবি করে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে খসরুর মনোনীত প্রার্থী জিতেছেন। এ কারণে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি অনেক উজ্জ্বল। নোমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে নোমানের অনুসারী হিসেবে পরিচিত নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর বলেন, ‘চট্টগ্রামে এক ঘণ্টার ঘোষণায় হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করার ক্ষমতা রাখেন নোমান। আজ শামছুল আলমকে তাঁর প্রতিদ্বন্দ্বী বানিয়ে যাঁরা উপহাস করছেন, তাঁদের কী ভিত্তি আছে? শামসুল আলমকে মোকাবিলার জন্য আমাদের যুবদল নেতা আবুল হাশেমই যথেষ্ট।’ সবুর আরও বলেন, ‘ময়লা ঘাঁটলে দুর্গন্ধ বের হয়। মতিঝর্ণা, বরিশাল কলোনি ও ডেবারপাড়সহ বিভিন্ন বস্তি থেকে কারা লোকজন ভাড়া করে এনে সমাবেশ করেন—তা আমরা জানি। আমাদের ঘাঁটাবেন না।’দলীয় সূত্র জানায়, নগর বিএনপির বিভক্তির কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন-প্রক্রিয়া থেমে আছে। সহসা কমিটি সম্প্রসারণের ব্যাপারে কেউ আভাস দিতে পারেনি। আমীর খসরু বলেন, ‘কমিটি গঠন করব কীভাবে? আওয়ামী লীগ একটার পর একটা ইস্যু তৈরি করে আমাদের রাজপথে ব্যস্ত রেখেছে। সময় হলেই পূর্ণাঙ্গ কমিটি হবে।’