ভাড়াটে সেজে অজ্ঞান করে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়াটে সেজে জুসের মধ্যে বিষাক্ত দ্রব্য মিশিয়ে বাড়ির সবাইকে পান করিয়ে অজ্ঞান করে স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একটি প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার কালনা গ্রামে। চক্রের হোতা মো. রাসেল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।স্থানীয় লোকজন, আক্রান্ত পরিবার ও পুলিশ জানায়, কিছুদিন আগে লক্ষ্মীপুর সদরের আলী হোসেনের ছেলে রাসেল মিয়া স্ত্রী নিয়ে কালনা গ্রামের সৈকত হোসেনের বাড়ি ভাড়া নেন। ওই গ্রামের সাদিয়া আফরোজ জানান, বাড়িতে তাঁর বৃদ্ধ মা হালিমা বেগম, নানি সুফিয়া বেগম ও গৃহপরিচারিকা রেহানা বেগম বসবাস করেন। রাসেল ও তাঁর স্ত্রী কোহিনুর বেগম বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে তাঁদের ঘরে আসা-যাওয়া করতেন। মঙ্গলবার রাত আটটার দিকে এক লিটারের জুসের মধ্যে বিষাক্ত দ্রব্য মিশিয়ে এক সহযোগী নিয়ে রাসেল তাঁদের বাড়িতে এসে তাঁর মা, নানি ও গৃহপরিচারিকাকে পান করান। কিছুক্ষণ পর তাঁরা অজ্ঞান হয়ে পড়েন। এ সুযোগে রাসেল ও তাঁর সহযোগী ঘরের সবকিছু নিয়ে যান। রাত পৌনে নয়টার দিকে সাদিয়ার চাচাতো বোন মরিয়ম আক্তার ওই বাড়িতে আসেন। এ অবস্থা দেখতে পেয়ে মরিয়ম চিৎকার দেন। এ সময় এলাকাবাসী এসে হালিমা, সুফিয়া ও রেহানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, রাসেল মিয়া ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।