ভাড়াটে সেজে প্রতারণার চেষ্টা, দম্পতি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের হড়গ্রাম মুন্সিপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়াটে সেজে পরিবারের নয় সদস্যের সবাইকে অজ্ঞান করে মালামাল লুটের চেষ্টার অভিযোগে পুলিশ এক দম্পতিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুক্ত গ্রামের সেকেন্দার আলীর ছেলে সোহেল রানা (৩০) ও তাঁর স্ত্রী রানী আক্তার (২১)। ওই দম্পতির খপ্পরে পড়ে সংজ্ঞাহীন হয়ে পড়া একই পরিবারের নয়জনের মধ্যে চারজনকে গত মঙ্গলবার রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিনারা খাতুন জানান, এক সপ্তাহ আগে সোহেল ও রানী আক্তার ভাড়াটে সেজে হড়গ্রাম মুন্সিপাড়া এলাকার নজরুল ইসলামের বাসায় ওঠেন। মঙ্গলবার রাতে তাঁরা ওই বাড়ির সদস্যদের ওষুধ মেশানো ডালের বরা খেতে দেন। ওই বরা খাওয়ার পর সবাই ঝিমাতে শুরু করলে তাঁরা বাড়িতে বিষাক্ত ওষুধ স্প্রে করেন। এতে সবাই অজ্ঞান হয়ে গেলেও এক সদস্য বাইরে গিয়ে প্রতিবেশীদের খবর দেন। রাজপাড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, গতকাল বুধবার ভোরে ওই দম্পতিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে বিকেলে থানায় মামলা করেছেন। বিকেলেই আসামিদের মহানগর মুখ্য হাকিম আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের জেলহাজতে প্রেরণ করেন।