ভাড়াটেদের আইডি দেবে পুলিশ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা মহানগরীর প্রত্যেক ভাড়াটেকে একটি করে আইডি নম্বর দেবে পুলিশ। ভাড়াটেরা যখন এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন, তখন আইডি নম্বরটি ব্যবহার করে তাঁদের খুঁজে বের করা যাবে। যখন কোনো ভাড়াটে বাসা বদল করবেন, তখন বাড়িওয়ালা পুলিশকে জানালে পুলিশ ওই আইডি নম্বরটি সংশ্লিষ্ট থানায় জানিয়ে দেবে। গতকাল শনিবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপির ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নগরীতে চলমান ব্লক রেইডে হয়রানির অভিযোগ সম্পর্কে কমিশনার বলেন, ব্লক রেইডের সময় জনগণ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে জন্য পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, জননিরাপত্তার স্বার্থে মেস বাড়িতে আমরা রেইড করতেই পারি। কিন্তু যদি তাঁরা (বাসিন্দারা) তাঁদের জাতীয় পরিচয়পত্র দেখাতে পারেন এবং যদি কলেজ-বিশ্ববিদ্যালয় বা যেখানে তাঁরা পড়েন ও কাজ করেন সেখানকার পরিচয়পত্র দেখাতে পারেন, তাহলে তাঁদের কোনোভাবেই যেন হয়রানি না করা হয় এ জন্য সবাইকেই কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করছি। এটা করতে গিয়ে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেটি আমাদের লক্ষ্য থাকবে। তারপরও যদি কেউ হয়রানির শিকার হয়, তাহলে আমাদের অবহিত করুন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জনগণকে হয়রানি করেন বা বিড়ম্বনায় ফেলেন তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ সন্ত্রাসী-জঙ্গিরা বাসা ভাড়া নিয়ে যাতে কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা করতে না পারে, সে জন্যই ব্লক রেইড দেওয়া হচ্ছে বলে কমিশনার জানান। আছাদুজ্জামান মিয়া বলেন, ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো বাধা বা নিষেধ নেই। কিন্তু বাসা ভাড়া দেওয়ার সময় ভাড়াটেকে জানুন। তাঁদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি ছবি নিয়ে কাছের থানায় জানান। ২০১৩ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব ওয়েবসাইট (http://www.dmp.gov.bd/) চালু করা হয়।