ভাড়াটেদের তথ্য দেওয়ার সময় শেষ হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কাছে রাজধানীর ভাড়াটেদের তথ্য দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। গত ২৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার সংবাদ সম্মেলন করে ১৫ মার্চের মধ্যে রাজধানীর বাসিন্দাদের তথ্য থানায় দিতে বলেছিলেন। এ নিয়ে উচ্চ আদালতে রিট হলেও তা খারিজ হয়ে যায়।
ওই সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছিলেন, রাজধানীর বিভিন্ন অ্যাপার্টমেন্টে ক্লু-লেস হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কোথাও গোপন জঙ্গি আস্তানা কিংবা কোথাও কোথাও বোমা তৈরির কারখানা পাওয়া যাচ্ছে। কোথাও চলছে নাশকতার প্রস্তুতি। জনগণের জানমালের নজরদারি এবং এলাকার সার্বিক নিরাপত্তার স্বার্থে তথ্য-উপাত্ত না থাকায় ঘটনা ঘটার পর অন্ধকারে হাতড়ানোর মতো তদন্ত করতে হয় পুলিশকে। তাই বাড়িওয়ালা, ভাড়াটে ও দোকানদারদের তথ্য পেলে তা নিয়ে ডেটা ব্যাংক তৈরি করা হবে। অপরাধ প্রতিরোধে এ তথ্য কাজে লাগবে।