ভাড়াটেদের তথ্য সংগ্রহ বিষয়ে রুল নিষ্পত্তির নির্দেশ
বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের প্রেক্ষাপটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিধিমালা নিয়ে হাইকোর্টের দেওয়া রুল আগামী ৩১ মের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।
রুল বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রুল দেন।
রুল নিষ্পত্তির জন্য আপিল বিভাগ বিষয়টি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারী পক্ষে ছিলেন অনীক আর হক।
গত বছরের নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটেদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে ডিএমপি। এতে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয় তথ্য অপব্যবহারের আশঙ্কা জানিয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এ বছরের ৩ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন।
ডিএমপি রুলস-২০০৬ অনুসারে সন্ত্রাস দমনে মহানগর পুলিশ ‘যেকোনো’ পদক্ষেপ নিতে পারে—এই যুক্তিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ ১৩ মার্চ ওই রিট খারিজ করে দেন।
২০০৬ সালের ১৯ অক্টোবর জারি হওয়া ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার ৪(খ) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে ২০ মার্চ আরেকটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এস এম এনামুল হক ও সুপ্রকাশ দত্ত।
প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ ২৭ মার্চ রুল জারি করেন।