ভাড়াটেদের তথ্য সংগ্রহের কাজে গতি আনার তাগিদ
ধীরগতিতে এগিয়ে চলেছে রাজশাহীতে বাড়ির মালিক ও ভাড়টে লোজনের তথ্য সংগ্রহের কার্যক্রম। এ কার্যক্রম গতিশীল করার জন্য তাগাদা দেওয়া হয়েছে।
গত সোমবার বিকেলে মহানগর পুলিশ ও সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে এক মতবিনিময় সভায় এ তাগাদা দেওয়া হয়। সেখানে জানানো হয়, ছয় মাসে ৬০ হাজার হোল্ডিংয়ের মধ্যে মাত্র ১ হাজার ৫০০ বাড়ির তথ্য সংগ্রহ করা হয়েছে।
তথ্য সংগ্রহ কার্যক্রমের এ ধীরগতির বিষয়ে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, বাড়ির মালিকেরা তথ্য দেওয়ার ব্যাপারে আগ্রহী না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সভায় এ বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। দ্রুত বাকি তথ্য সংগ্রহ করা হবে। তিনি বলেন, বাড়ির মালিক ও ভাড়াটেদের সব তথ্য হাতে থাকলে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
নগর ভবনের নবনির্মিত সিটি হলের সভাকক্ষে নিযাম উল আযীমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশের কমিশনার মো. সামসুদ্দিন।
সভাপতির বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত মেয়র বাড়ির মালিক ও ভাড়াটেদের তথ্য সংগ্রহের কাজে সবার সহযোগিতা চান। তিনি বলেন, তথ্য সংগ্রহের কাজে সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীদের নিয়োজিত করা হয়েছে। জনপ্রতিনিধিদের এ বিষয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করতে হবে।
নিযাম উল আযীম বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৪৪ লাখ টাকা ব্যয়ে নগরের ১৬টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এটা হলে অপরাধীদের সহজে শনাক্ত করা যাবে। তখন অপরাধ প্রবণতা কমে আসবে।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর পুলিশ কমিশনার সামসুদ্দিন বলেন, অপরাধী ও অপরাধীকে আশ্রয়দাতা উভয়েই আইনের আওতায় আসবেন। বাড়ির মালিককে তাঁর ভাড়াটিয়ার কার্যকলাপ সম্পর্কে অবহিত থাকতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের প্যানেল মেয়র এ কে এম রাশেদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজউদ্দীন আহমেদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জেবিননিছা সুলতানা ও উপপুলিশ কমিশনার (সদর দপ্তর) তানভীর হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন প্রধান প্রকৌশলী আশরাফুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমানআরা বেগম প্রমুখ।