ভাড়াটেদের তথ্য সংগ্রহের বিষয়ে আদেশ ১৩ মার্চ
রাজধানীতে বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের বিষয়ে ১৩ মার্চ আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল মঙ্গলবার এই রিট আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন।
৩ মার্চ হাইকোর্টে জ্যোতির্ময় বড়ুয়া নিজে এই রিট আবেদনটি করেন। তিনি প্রথম আলোকে বলেন, রিট আবেদনে তিনটি বিষয়ে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। প্রথমত, তথ্য সংগ্রহের কার্যক্রম যেন এই মুহূর্তে বন্ধ করা হয়। দ্বিতীয়ত, যেসব তথ্য সংগ্রহ করা হয়েছে, তা যেন কোনো কাজে ব্যবহার না করা হয়। তৃতীয়ত, সুনির্দিষ্ট আইন না হওয়া পর্যন্ত যেন এসব সংগৃহীত তথ্য গোপনীয়ভাবে সংরক্ষণ করা হয়। আইনসচিব ও স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনের পক্ষে জ্যোতির্ময়ের যুক্তি, নাগরিকদের ব্যক্তিগত গোপনীয় তথ্য পুলিশ যেভাবে সংগ্রহ করছে, তার অপব্যবহার হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। এসব তথ্য যদি কোনো ভুল ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে পড়ে, তাহলে ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা আছে।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর বাড়িওয়ালা ও ভাড়াটেদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে ডিএমপি।