ভাড়াটেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বন্ধ চেয়ে রিট
রাজধানীতে বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আজ বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এই রিট আবেদনটি জমা দেন।
জানতে চাইলে জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, রিট আবেদনে তিনটি বিষয়ে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। প্রথমত, তথ্য সংগ্রহের কার্যক্রম যেন এই মুহূর্তে বন্ধ করা হয়। দ্বিতীয়ত, ইতিমধ্যে যেসব তথ্য সংগ্রহ করা হয়েছে তা যেন কোনো কাজে ব্যবহার না করা হয়। তৃতীয়ত, সুনির্দিষ্ট আইন না হওয়া পর্যন্ত যেন এসব সংগৃহীত তথ্য গোপনীয়ভাবে সংরক্ষণ করা হয়। আইন ও স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার ভাড়াটেদের তথ্য সংগ্রহের কাজ থেকে পুলিশকে বিরত থাকার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠান একই আইনজীবী। এ ছাড়া এই তথ্য সংগ্রহের আইনগত ভিত্তি কী, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছিল। কিন্তু নোটিশ অনুসারে ব্যবস্থা না নেওয়ায় আজ তিনি রিট আবেদন করেন।
এ বিষয়ে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, নাগরিকদের ব্যক্তিগত গোপনীয় তথ্য পুলিশ যেভাবে সংগ্রহ করছে, তার অপব্যবহার হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। এসব তথ্য যদি কোনো ভুল ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে পড়ে, তাহলে ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা আছে। সংবিধানে নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার যে অধিকার দেওয়া হয়েছে, পুলিশের এ উদ্যোগে সেটাও লঙ্ঘন হতে পারে।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের এই কাজ শুরু করে মহানগর পুলিশ। এক পৃষ্ঠার যে ফরম ভাড়াটিয়াদের পূরণ করতে দেওয়া হচ্ছে, সেখানে ভাড়াটিয়ার ছবির পাশাপাশি তাঁদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখসহ বাসার বাসিন্দা এবং গৃহকর্মী ও গাড়িচালকের তথ্য চাওয়া হয়েছে।