ভাড়াটেদের স্বার্থরক্ষায় ফেডারেশন গঠন
ভাড়াটেদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ে ভাড়াটেদের ১০টি সংগঠন মিলে গঠন করেছে ‘বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশন’। গতকাল রোববার সকালে তোপখানা রোডের একটি মিলনায়তনে আয়োজিত সভায় এই সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশনের মূল লক্ষ্য বাড়িভাড়া অস্বাভাবিক বৃদ্ধি রোধ করা, বাড়ির মালিকদের ভাড়াটে নির্যাতন বন্ধ ও ভাড়াটেদের অধিকার আদায় করা। সংগঠনের দাবি আদায়ের লক্ষ্যে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে ভাড়াটেদের অধিকার আদায়ের চার দফা দাবি জানানো হয়। এগুলোর মধ্যে রয়েছে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ বাস্তবায়ন, সিটি করপোরেশনের হার মোতাবেক প্রত্যেক এলাকার বাসা, দোকান, অফিসের ভাড়া কার্যকর করা। প্রধানমন্ত্রীর ঘোষিত নিম্ন আয়ের লোকদের জন্য নির্মিতব্য ঢাকা শহরের চতুর্দিকে ১ লাখ ১০ হাজার ফ্ল্যাট মাসিক ভাড়ার মাধ্যমে মালিকানার শর্তে ভাড়াটেদের মধ্যে বরাদ্দ দেওয়া এবং ব্যাংক হিসাবের মাধ্যমে ভাড়ার টাকা গ্রহণের ব্যবস্থা করা। সংগঠনের পরিচালনা কমিটিরসভাপতি মনোনীত হয়েছেন এ কে এম গোলাম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক বাহারানে সুলতান বাহার।
বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশনে অন্তর্ভুক্ত সংগঠনগুলো হলোজাতীয় ভাড়াটিয়া কল্যাণ সোসাইটি, বাংলাদেশ ভাড়াটিয়া অধিকার সংরক্ষণ সোসাইটি, ভাড়াটিয়া কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, ভাড়াটিয়া পরিষদ, ভাড়াটিয়া ফোরাম, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি, বাড়িভাড়া সমন্বয় পরিষদ, বাংলাদেশ আবাসিক ভাড়াটিয়া কল্যাণ সোসাইটি, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সোসাইটি ও বাংলাদেশ মেস সংঘ।