ভাড়াটের তথ্য সংগ্রহ নিয়ে রিটের রায় ১৭ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর এলাকায় বাড়ির মালিক ও ভাড়াটেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহে ডিএমপির বিধিমালার বৈধতা নিয়ে করা রিট আবেদনের রায় হবে ১৭ আগস্ট। গতকাল সোমবার রিট আবেদনের ওপর শুনানি শেষে এই তারিখ ধার্য করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।
গত ২০ মার্চ ডিএমপি বিধিমালা ৪ (খ) ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকীসহ তিনজন। ২৭ মার্চ ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৭ এপ্রিল শুনানি শেষে ৩১ মের মধ্যে ওই রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। এ বিষয়ে সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, অবকাশকালীন ছুটির কারণে বিলম্বে রুলের শুনানি শুরু হয়। গতকাল রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট ১৭ আগস্ট রায়ের দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর গত বছরের নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটেদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে মহানগর পুলিশ। বাড়ির মালিকদের কাছে এক পৃষ্ঠার ফরম পাঠিয়ে তাঁদের ভাড়াটেদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। ফরমে ভাড়াটের ছবির পাশাপাশি তাঁদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, জন্মতারিখসহ বাসার বাসিন্দা এবং গৃহকর্মী ও ড্রাইভারের তথ্য চাওয়া হয়। পরে পূরণ করা ওই ফরম আবার সংগ্রহ করছে পুলিশ। এভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগ পুলিশের নেই দাবি করে তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধে মার্চ মাসে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।