ভাড়াভিত্তিক এবং কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প দ্রুত চালুর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব ভাড়াভিত্তিক এবং কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প এখনো চালু হয়নি, সেগুলো দ্রুত চালু করার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সাংবাদিকদের বলেন, দেশের বিদ্যুৎ-পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। উৎপাদন বেড়েছে। লোডশেডিং কমেছে। তাই জ্বালানি তেলনির্ভর ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই। এরই মধ্যে এ ধরনের অনেক প্রকল্প নেওয়া হয়েছে। সেগুলোর পর নতুন করে আর তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কোনো প্রয়োজন নেই। একই সঙ্গে কমিটি বন্ধ বিদ্যুৎ প্রকল্পগুলো দ্রুততম সময়ে মেরামত করে সিস্টেম লস কমিয়ে আনার সুপারিশ করেছে।সুবিদ আলী ভূঁইয়া আরও জানান, বৈঠকে দ্রুততম সময়ে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন করতে মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে। কারণ, দেশের সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত বিদ্যুৎ। সে জন্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ পরিবেশ আনতে হবে।সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, আবদুল কাদের খান, শেখ ফজলে নূর তাপস এবং আবদুল্লাহ আল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ, জ্বালানি ও খনিজ সচিব মেজবাহ উদ্দিন প্রমুখ।