ভাড়াভিত্তিক কেন্দ্র না করলে চার ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যেত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র না করলে এখন দিনে চার ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যেত না। দীর্ঘদিন চাহিদা অনুযায়ী উৎপাদন না বাড়ায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা মোকাবিলায় এর বিকল্প ছিল না।অর্থমন্ত্রী গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ গত বছর থেকে এই সপ্তাহ পালন শুরু করেছে। এবারের প্রতিপাদ্য ‘সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে জ্বলবে আলো ঘরে ঘরে’।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়। অর্থমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী (বেইজ লোড প্লান্ট) ও পিকিং (সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য) কেন্দ্র স্থাপনের কাজও এগিয়ে চলছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পিডিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির খান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মইনউদ্দিন, বেসরকারি উদ্যোক্তা সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন পাওয়ার সেলের মহাপরিচালক মাহবুবু-এ কায়নাত।বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে সারা দেশের মধ্যে সেরা বিদ্যুৎকর্মী, সেরা বিদ্যুৎ ইউনিট, সেরা প্রকল্প পরিচালক, সেরা গ্রাহক (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প), বিদ্যুৎ বিষয়ে সেরা প্রতিবেদন (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), সেরা গবেষণা ও রচনা প্রতিযোগিতায় স্কুল ও মাদ্রাসার সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।সেরা প্রতিবেদনের জন্য এ বছর প্রিন্ট মিডিয়ায় সমকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি নাজমুল ইমাম ও ইলেকট্রনিক মিডিয়ায় আর টিভির আক্তার হোসেন পুরস্কার পেয়েছেন।বিদ্যুৎ সপ্তাহের কার্যক্রম চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনে আরও ছিল জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের প্রদর্শনী, গ্রাহকের সঙ্গে মতবিনিময় এবং প্রচারপত্র বিতরণ। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সব বিদ্যুৎ সংস্থা ‘ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার’ স্থাপনের মাধ্যমে গ্রাহকদের সেবা দেবে এবং সব সেন্টারে ব্যানার ও সিটিজেন চার্টার টাঙাবে।