ভাড়াভিত্তিক কেন্দ্রের মেয়াদ বেড়েছে, বিদ্যুতের দাম কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ বাড়ালেও এসব কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের দাম তেমন কমছে না। ফলে একদিকে এসব কেন্দ্রের মালিকদের ব্যবসার সুযোগ বাড়ছে, কিন্তু গ্রাহকেরা কম দামে বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
চুক্তির মেয়াদ বাড়ানো কয়েকটি ভাড়াভিত্তিক (রেন্টাল) ও দ্রুত ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল) বিদ্যুৎকেন্দ্রের মূল চুক্তি ও বর্ধিত মেয়াদের চুক্তি পর্যালোচনায় এই চিত্র উঠে এসেছে। পর্যালোচনায় দেখা যায়, কোনো কোনো কেন্দ্রের তিন বছরের মেয়াদ শেষে বাড়ানো হয়েছে আরও পাঁচ বছর। কিন্তু বিদ্যুতের দাম, কেন্দ্রগুলোকে দেওয়া ‘ক্যাপাসিটি চার্জ’ কিছুই তেমন কমেনি।
সরকার বিদ্যুতের সংকট কাটাতে আশু ব্যবস্থা হিসেবে বেসরকারি খাতে এসব কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছিল। তেলভিত্তিক এবং তিন ও পাঁচ বছরমেয়াদি হওয়ায় এসব কেন্দ্রের বিদ্যুতের দাম ছিল বেশি। কিন্তু সংকট মোকাবিলায় এর বিকল্প ছিল না। আবার এই কেন্দ্রগুলোর কারণেই বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়ে এবং ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়।
চুক্তি পর্যালোচনায় দেখা গেছে, তিন বছরের চুক্তিতে সিদ্ধিরগঞ্জে স্থাপিত দেশ এনার্জির ১০০ মেগাওয়াট কেন্দ্রের প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম মূল চুক্তিতে ছিল ১৯ টাকা ৫৭ পয়সা। পাঁচ বছরের বর্ধিত চুক্তিতে তা ধরা হয়েছে প্রায় ১৯ টাকা ৫৪ পয়সা। দাম কমেছে মাত্র ৩ পয়সা।
নারায়ণগঞ্জের পাগলায় তিন বছরের চুক্তিতে স্থাপিত ৫০ মেগাওয়াট কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম মূল চুক্তিতে ছিল প্রায় ২০ টাকা ৪০ পয়সা। বর্ধিত চুক্তিতে তা ১৯ টাকা ৯৯ পয়সা।
এনার্জিস করপোরেশনের একটি বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম মূল চুক্তিতে ছিল ১৫ টাকা ৮৩ পয়সা। তিন বছর পর এটির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। কিন্তু বর্ধিত চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৪ পয়সা বেড়ে প্রায় ১৫ টাকা ৯৭ পয়সা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে আর জেড পাওয়ার লিমিটেডের তিন বছরের চুক্তিতে স্থাপিত কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুতের দাম মূল চুক্তিতে ছিল ২০ টাকা ৩০ পয়সার মতো। পরবর্তী পাঁচ বছরের জন্য বর্ধিত চুক্তিতে দাম ১৯ টাকা ৫৫ পয়সা। এগ্রেকো ইন্টারন্যাশনাল প্রজেক্ট লিমিটেডের খুলনা ৫৫ মেগাওয়াট কেন্দ্রটিও তিন বছরের চুক্তিতে স্থাপিত। কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুতের দাম মূল চুক্তিতে ছিল প্রায় ২১ টাকা ২৬ পয়সা। বর্ধিত চুক্তিতে দাম ১৯ টাকা ৫৫ পয়সা প্রায়।
সূত্র জানায়, এই কেন্দ্রগুলোর মূল চুক্তি ও বর্ধিত চুক্তি অনুযায়ী বিদ্যুতের যে দাম উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে ‘ক্যাপাসিটি চার্জ’ (বিনিয়োগের জন্য প্রতি মাসে দেওয়া অর্থ) যুক্ত করা হয়েছে। আলাদাভাবে ক্যাপাসিটি চার্জ হিসাব করলে দেখা যায়, মূল চুক্তির তুলনায় বর্ধিত চুক্তিতে ক্যাপাসিটি চার্জ উল্লেখযোগ্য হারে কমেনি। বর্ধিত চুক্তিতে কেন্দ্রভেদে প্রতি মাসে এই চার্জ ১৪ থেকে ২০ মার্কিন ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে। অথচ সরকার নতুন করে মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতার যে তিনটি কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শেষ করে এনেছে, তাতে ক্যাপাসিটি চার্জ ১৩ ডলারের বেশি ধরা হয়নি। অর্থাৎ ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক অধিকাংশ কেন্দ্রকে বর্ধিত চুক্তির মেয়াদেও যে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে, তার চেয়ে কমে নতুন তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যায়।
সরকারের পরিকল্পনা ছিল, এই কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে না হতে তিন থেকে পাঁচ বছরের মধ্যে বড় (বেইজ লোড) বিদ্যুৎকেন্দ্র স্থাপন সম্পন্ন হবে। তখন এই কেন্দ্রগুলোর সঙ্গে পর্যায়ক্রমে চুক্তি বাতিল করা হবে। বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরাও সে অনুযায়ী এসব কেন্দ্রের বিদ্যুতের দাম, ক্যাপাসিটি চার্জ প্রভৃতি নির্ধারণ করেছিলেন, যাতে চুক্তির মেয়াদ শেষে কেন্দ্রগুলো বন্ধ করে দিলেও তাঁদের লোকসান না হয়।
কিন্তু বিদ্যুৎ খাতে মধ্যমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন পিছিয়ে পড়ায় সরকার এসব কেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু মূল চুক্তির মেয়াদেই এসব কেন্দ্রের বিনিয়োগ মুনাফাসহ উঠে যাওয়ায় বর্ধিত মেয়াদে বিদ্যুতের দাম ও ক্যাপাসিটি চার্জ অনেক কম হওয়ার কথা। কিন্তু তা হয়নি।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম প্রথম আলোকে বলেন, বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে যথেষ্ট ব্যবধান থাকায় ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানো যৌক্তিক। কিন্তু দাম যথেষ্ট পরিমাণে না কমানোর কোনো যুক্তি নেই। এ ক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে থাকতে পারেন।