ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দিয়ে কোথাও সমস্যার সমাধান হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দিয়ে পৃথিবীর কোথাও বিদ্যুৎ সমস্যার সমাধান হয়নি, এ দেশেও হবে না। ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এনেছে। এর বিরূপ প্রভাব ব্যাংকগুলোতেই পড়বে।গতকাল শুক্রবার সকালে ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে ‘বিদ্যুতের উপর্যুপরি দাম বৃদ্ধি: রেন্টাল, কুইক রেন্টালের দায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় আকবর আলি খান এ কথা বলেন। সাপ্তাহিক আয়োজিত ওই আলোচনায় পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি ডি রহমতউল্লাহ প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বিদ্যুতের দাম যদি ১০ শতাংশ বাড়ানো হয়, বাজারের সাধারণ মূল্য ৩০ শতাংশ বাড়ে। সরকার রেন্টালের আবরণে নন রেন্টালকে রেন্টাল বলে চালিয়ে দিচ্ছে।আরেক প্রবন্ধে কল্লোল মোস্তফা বলেন, উৎপাদন খরচ এবং বিক্রয়মূল্যের ঘাটতি কমানোর জন্য বিদ্যুতের দাম বাড়ানোর দিকে সরকারের মনোযোগ কম। এটা থাকলে গ্যাস-সংকটের কথা বলে সরকার তেলভিত্তিক বিদ্যুতের দিকে ঝুঁকত না।লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সঞ্চালন করেন সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা। শুভ কিবরিয়া প্রবন্ধের ওপর আলোচনা করেন। আকবর আলি খান বলেন, বাসা-বাড়িতে গ্যাস-সংযোগ না বাড়ালে আবাসন খাত ধ্বংস হয়ে যাবে। বারবার বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। দাম বাড়াতে গিয়ে সরকার সাধারণ জনগণের কথা ভাবে না। আসলে জনগণ ভোটের দিন বাদশা, তারপর সরকারের পাঁচ বছরে গোলাম। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারি, ডেসটিনি-হলমার্ক কেলেঙ্কারির মতো আরেকটি কেলেঙ্কারি হচ্ছে বিদ্যুৎ কেলেঙ্কারি। এই সরকারকে ‘মহাজোট সরকার’ না বলে এখন ‘কেলেঙ্কারিয়ান সরকার’ বলা উচিত।সভাপতির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কিছু ভাড়াভিত্তিক বিশেষজ্ঞ তৈরি করা হয়েছে। নানা অনিয়ম আর অন্যায়ের মধ্যে জনগণ বসবাস করছে।গোলটেবিল আলোচনায় অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক পিয়াস করিম, অ্যাকশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির প্রমুখ বক্তব্য দেন।