ভাড়ার ভিত্তিতে গৃহকরের পক্ষে মেয়র, দ্বিমত বাড়িওয়ালাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়ের প্রধান খাত হচ্ছে গৃহকর। শতভাগ দূরের কথা, গত ২২ অর্থবছরে কখনোই গৃহকর আদায়ে লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ করতে পারেনি করপোরেশন। এর মধ্যেই প্রচলিত পদ্ধতি (স্থাপনার আয়তনের ভিত্তিতে বর্গফুটপ্রতি) বাদ দিয়ে ‘ভাড়ার ভিত্তিতে’ গৃহকর আদায় করার প্রক্রিয়া শুরু করেছে সিটি করপোরেশন।

নতুন পদ্ধতিতে গৃহকর নির্ধারণের প্রক্রিয়া ঠেকানোর জন্য মাঠে নেমেছেন বাড়িওয়ালা ও ভাড়াটেদের সংগঠন। হরতালের হুমকিও দিয়েছে তারা। পদ্ধতিটিকে যৌক্তিক নয় বলে মন্তব্য করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (ক্যাব)। তবে ভাড়ার ভিত্তিতে গৃহকর নির্ধারণে অনড় রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র নাছির প্রথম আলোকে বলেন, ‘সরকারের গেজেট অনুযায়ীই গৃহকর নির্ধারণ করা হচ্ছে। আমি সরকারের অংশ। সরকারের নির্দেশ আমাকে মানতে হবে। তবে ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রকাশিত গেজেটে গৃহকর ১৯ শতাংশ নির্ধারণ করার কথা থাকলেও আমি আগের ১৯৮৬ সালের আদর্শ কর তফসিল অনুযায়ী ১৭ শতাংশ নির্ধারণ করেছি। আর দরিদ্রদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।’

জনস্বার্থ বিবেচনায় নিয়ে গৃহকর নির্ধারণ করতে বর্তমান মেয়রকে পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। নাগরিকদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে গৃহকর নির্ধারণ করার জন্য তিনি নতুন মেয়রের প্রতি আহ্বান জানান।

সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, গত বছরের ২১ মার্চ নগরের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্যকেন্দ্রের এক অনুষ্ঠানে ১১টি ওয়ার্ডের গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন মেয়র। এরপর গত বছরের অক্টোবর মাস থেকে বাকি ৩০টি ওয়ার্ডের গৃহকর পুনর্মূল্যায়নের কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম এখনো চলমান। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যাচাই-বাছাই করে গৃহকর নির্ধারণের বিষয়টি নগরবাসীকে জানানো হবে। ধার্য করা গৃহকর নিয়ে কারও আপত্তি থাকলে তাঁরা করপোরেশনের রিভিউ বোর্ডে আবেদন করতে পারবেন।

সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের ২ হাজার ২২৫ কোটি ৬৭ লাখ টাকার বাজেটে নিজস্ব উৎস থেকে প্রাপ্তি ধরা হয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে গৃহকর খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭৯৩ কোটি ৩৬ লাখ টাকা, যা মোট নিজস্ব আয়ের ৬৬ দশমিক ২৬ শতাংশ। চলমান কর পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে গৃহকর খাতে দ্বিগুণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সিটি করপোরেশন। তবে অর্থবছরের ছয় মাস পার হলেও ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৬৮ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৫৫৭ টাকা, যা মোট লক্ষ্যমাত্রার মাত্র ৮ দশমিক ৬৪ শতাংশ।

গত অর্থবছরে (২০১৫-১৬) এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ৩৩৭ কোটি ১৮ লাখ টাকা। আদায় হয়েছে ১১২ কোটি ২৫ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার মাত্র ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

এ বিষয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিগত দিনে অনেক অনিয়ম-দুর্নীতি ছিল। তবে আমি কর আদায়ে শতভাগ সফল হব। রাতারাতি পরিবর্তন হবে না। একটু সময় লাগবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

নতুন পদ্ধতি নিয়ে শঙ্কায় বাড়িওয়ালা ও ভাড়াটেরা

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় প্রায় সাড়ে আট হাজার বর্গফুট জায়গার ওপর তিনতলা ভবন ও একতলা বিপণিবিতান রয়েছে ব্যবসায়ী নুরুল হুদার পরিবারের। আয়তনের ভিত্তিতে বর্গফুট হিসেবে এসব স্থাপনার জন্য বছরে তাঁরা গৃহকর দেন ১৮ হাজার ৭৪০ টাকা। পরিবারের সদস্যদের আশঙ্কা, ভাড়ার ভিত্তিতে গৃহকর নির্ধারণ করা হলে এর পরিমাণ দাঁড়াবে প্রায় লাখ টাকায়। নুরুল হুদা বলেন, এমনিতেই ভাড়া থেকে আয়ের একটি বড় অংশ চলে যায় ভবন ও বিপণিবিতানের রক্ষণাবেক্ষণ, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল দিতে। পরিবারের বিভিন্ন আনুষঙ্গিক খরচ তো আছেই।

ভাড়ার ভিত্তিতে গৃহকর নির্ধারণের পদ্ধতিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম নাজের হোসাইন। তিনি বলেন, এই পদ্ধতিতে গৃহকর নির্ধারণ করা হলে বাড়িওয়ালারা আবার বাড়িভাড়া বাড়াবেন। শেষ পর্যন্ত এর বোঝা টানতে হবে ভাড়াটেদের।

পুরোনো পদ্ধতিতে স্থাপনার আয়তন অনুযায়ী (প্রতি বর্গফুট) গৃহকর নির্ধারণের দাবি জানিয়ে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ নামের একটি সংগঠন সম্প্রতি নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। বাড়িওয়ালা ও ভাড়াটেদের নিয়ে এই সংগঠন গঠিত হয়েছে।

সংগঠনের সদস্যসচিব নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি আহামরি কোনো দাবি নয়। আগের ছয়জন মেয়র যে পদ্ধতিতে গৃহকর নির্ধারণ করেছেন, সেই পদ্ধতিতেই গৃহকর নির্ধারণ করতে বর্তমান মেয়রকে অনুরোধ জানাচ্ছি। আমাদের আন্দোলন মেয়র কিংবা সরকারের বিরুদ্ধে নয়। আমরা গৃহকর দিতে প্রস্তুত। তবে তা সহনীয় হতে হবে।’ তিনি মেয়রকে নগরবাসীর পক্ষ হয়ে গৃহকর কমানোর ব্যাপারে সরকারের সঙ্গে দেনদরবার করার অনুরোধ জানান।

অবশ্য গৃহকর নিয়ে একটি গোষ্ঠী দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করছেন আ জ ম নাছির উদ্দীন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ভাড়ার ভিত্তিতে গৃহকর নির্ধারণের বিষয়ে বিভিন্ন মহল্লা কমিটির সঙ্গে আলোচনা করা হয়েছে। নগরবাসী এই পদ্ধতিতে গৃহকর দিতে কনভিন্সড (রাজি)। আর যাঁদের সামর্থ্য নেই কিংবা দরিদ্র, তাঁদের ব্যাপারে ছাড় দেওয়া হবে। কর দেওয়া নগরবাসীর নৈতিক দায়িত্ব।

এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গৃহকর নির্ধারণে সরকারি বিধি রয়েছে। এই বিধি অনুযায়ীই কর নির্ধারণ করতে হবে। বিধি ভঙ্গ করলে তখন অভিযোগ উঠবে, মামলাও হতে পারে। তবে গরিব মানুষের ক্ষেত্রে চাইলে মেয়র বিশেষ বিবেচনায় তা কমাতে পারেন।