ভাড়ায় খুন করাই ছিল ওয়াহেদের পেশা
পিরোজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ডাকাত সরদার ওয়াহেদ মহাজন ছিলেন পেশাদার খুনি। ভাড়ায় মানুষ খুন করা ছিল তাঁর পেশা।
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) এস এম আকতারুজ্জামান বলেন, ওয়াহেদ একজন পেশাদার খুনি। তাঁর বিরুদ্ধে পিরোজপুর ও মঠবাড়িয়া থানায় ১০টি হত্যা মামলা রয়েছে। পিরোজপুর সদর উপজেলার চালনা নামাজপুর এলাকায় গত মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। ওয়াহেদ সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠি গ্রামের বাসিন্দা ছিলেন।
গোয়েন্দা পুলিশ ও মঠবাড়িয়া থানার পুলিশ সূত্র জানায়, মঠবাড়িয়া উপজেলায় ২০০৮ সাল থেকে এ পর্যন্ত পাঁচটি হত্যাকাণ্ডে ওয়াহেদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। সর্বশেষ গত ২৮ আগস্ট উপজেলার ধানীসাফা গ্রামে পরীমালা নামের এক নারীকে হত্যা করেন তিনি। ধানীসাফা গ্রামের সগির হাওলাদার নামে এক ব্যক্তি ওয়াহেদকে ৫০ হাজার টাকা চুক্তিতে ভাড়া করে ওই নারীকে হত্যা করে প্রতিপক্ষ কবির হাওলাদারের টয়লেটে লাশ ফেলে রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, ওয়াহেদ ভাড়ায় মানুষ খুন করতেন। এ কাজে তাঁকে সহযোগিতা করতেন তাঁর স্ত্রী নিলুফা ও তানিয়া। ২০০৮ সালের ২৬ মার্চ মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. শাহিন হত্যার তদন্ত করতে গিয়ে পুলিশ প্রথম ভাড়াটে খুনি ওয়াহেদের সম্পর্কে জানতে পারে। ওই মামলায় পুলিশ ওয়াহেদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। চলতি বছরের ১৬ জানুয়ারি মানিকখালী গ্রামের কবির সরদার হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে আবার ওয়াহেদের সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ। সর্বশেষ ধানীসাফা গ্রামে পরীমালা হত্যা মামলায় গ্রেপ্তার সগির হাওলাদারের স্বীকারোক্তিতে আবার উঠে আসে ওয়াহেদের নাম। এ ছাড়া ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি গুলিসাখালী গ্রামের মিলন হাওলাদার ও গত ৬ ফেব্রুয়ারি ভেজকী গ্রামে কিশোরী তুলিকা অধিকারী হত্যার ঘটনায় ওয়াহেদ জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ওয়াহেদ নারীদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে কয়েকজন পুরুষকে খুন করেন। এ কাজে তাঁকে দুই স্ত্রীসহ কয়েকজন নারী সহযোগিতা করতেন। প্রথমে ওই নারীরা খুন হওয়া ব্যক্তিদের সঙ্গে ফোনালাপের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। তারপর ফোনে ডেকে নিয়ে খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ খাইয়ে অচেতন করে তাঁদের শ্বাসরোধে হত্যা করতেন। ওয়াহেদের বেশির ভাগ খুনের ধরন ছিল অচেতন করে শ্বাসরোধে হত্যা।