
একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। বই পড়ার অভ্যাসের কারণে কোথাও তাঁর চাকরি টেকেনি। এখানে-ওখানে ঘুরে বেরিয়েছেন। শেষে একটা বইয়ের দোকানের এক পাশে ঠাঁই মেলে। সেখানেই বসে পড়লেন তাঁর সংগ্রহের পুরাতন গল্পের বইয়ের ভান্ডার নিয়ে। শুরু করলেন বই ভাড়া দেওয়া। ভাড়া বই প্রতিটি ৫ থেকে ১০ টাকা। গল্প-উপন্যাস, কবিতা, ভ্রমণকাহিনি আর আত্মজীবনীর বই। মানুষকে বই পড়ানোই রংপুরের ওমর শরীফের মূল উদ্দেশ্য।
ওমর শরীফের (৬২) বাড়ি শহরের মুলাটোলে। বই পড়ার নেশা তাঁর দীর্ঘদিনের। নতুন বই কেনার সামর্থ্য নেই। ফেরিওয়ালাদের কাছ থেকে পুরোনো বই কেনেন। পড়েন এবং যত্নসহকারে রেখেও দেন। এভাবে বইয়ের ভান্ডার বাড়তে থাকে। বই পড়ে তো সংসার চলবে না। কিছু একটা করতে হবে। বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেছেন বিভিন্ন দোকানে। বই পড়ার ঝোঁক উঠলেই দোকান থেকে বেরিয়ে পড়তেন। আর এ কারণে কোনো প্রতিষ্ঠানেই তাঁর চাকরি স্থায়ী হয়নি।
রংপুর সিটি করপোরেশনের ঠিক উল্টো দিকে শহীদ জররেজ মার্কেট। সেখানে পুরোনো বইয়ের দোকান রয়েছে কয়েকটি। ওমর শরীফের বই পড়ার আগ্রহ দেখে এখানেরই একটি দোকানের স্বত্বাধিকারী রুহুল আমিন তাঁরই দোকানের এক পাশে ছোট্ট একটি জায়গা করে দেন। তা-ও আবার বিনা মূল্যে। সময়টা ২০০১ সাল। ওমর শরীফ বসে পড়লেন তাঁর পুরোনো গল্পের বইয়ের ভান্ডার নিয়ে। তবে শুরুতে শতাধিক বই থাকলেও এখন সেখানে বই প্রায় ৭০০।
বইয়ের দোকানে ওমর শরীফের সঙ্গে কথা হলো। এপার বাংলা, ওপার বাংলাসহ দূরদেশের লেখকদেরও বই রয়েছে। রয়েছে গল্পসমগ্র, উপন্যাস, কবিতা ও আত্মজীবনী বই। রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের বই ছাড়াও উল্লেখযোগ্য লেখকদের পুরোনো বই রয়েছে।
ওমর শরীফ একসময় বিভিন্ন বইয়ের দোকানের সামনে ঘুরতেন। সেখানে বইপ্রেমী কেউ এলে তাঁদের কাছে ধরনা দিতেন পুরোনো বই বিক্রি করবেন কি না। কোথাও সন্ধান পেলে ছুটে যেতেন তাঁদের বাড়িতে। কম দামে বই কিনে আনতেন। আবার পুরোনো কাগজ-বিক্রেতা বা ফেরিওয়ালাদের কাছ থেকেও বই কিনেছেন। এভাবে সংগ্রহ করতে করতে বইয়ের এই বিশাল ভান্ডার গড়ে তোলেন।
নিজে পড়া শেষ হলে আরেকজনকে পড়তে দেওয়ার উদ্দেশ্যেই বই ভাড়া দেওয়ার চিন্তা মাথায় আসে। পুরোনো এসব বইয়ের দাম মূলতালিকা থেকে অর্ধেক ধরা হয়। এই অর্ধেক টাকা জামানত হিসেবে জমা দিয়ে যে কেউ বই নিয়ে যেতে পারেন। বইটি ফেরত দেওয়ার সময় জামানতের পুরো টাকাই ফেরত দেওয়া হয় পাঠককে। আর বই পড়ার বিনিময়ে ওমর শরীফ পাঠকের কাছ থেকে নিয়ে থাকেন বইয়ের প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা। কেউ ফেরত না-ও দিতে পারেন। তবে অধিকাংশ পাঠকই ৭ থেকে ১০ দিনের মধ্যে বই ফেরত দিয়ে নতুন করে বই নিয়ে যান।
স্কুল-কলেজের শিক্ষার্থীরাই এখানকার পাঠক। এক-দুজন করে চার শতাধিক পাঠক এখন নিয়মিত বই ভাড়া নেয়। প্রতিদিন গড়ে ৪০ জন পাঠক বই আদান-প্রদান করে।
বৃষ্টির মধ্যেই ওমর শরীফের দোকানে কয়েকজন পাঠকের দেখা মিলল। শহরের সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার শিক্ষার্থী প্রতাপ চন্দ্র সমরেশ মজুমদারের সাতকাহন বইটি নিতে এসেছেন। তিনি বললেন, ‘মাত্র ১০ টাকার বিনিময়ে বইটি পড়ার সুযোগ হয়েছে। জামানাতের টাকা জমাই থাকে। বইটি পড়ে আবার অন্য একটি বই নিয়ে যাব। এভাবেই প্রতি সপ্তাহে বই নিতে এসে থাকি।’
সাগরপাড়া এলাকার কলেজছাত্র মতিউর রহমান হুমায়ূন আহমেদের হিমু সমগ্র বইটি নিয়ে যাওয়ার সময় বললেন, ‘এত কম দামে বাড়িতে নিয়ে বই পড়ার সুযোগ আর কোথায় মিলবে বলেন?’
যিনি ওমর শরীফের এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন, তিনি কম দামি বইমেলা দোকানের স্বত্বাধিকারী রুহুল আমীন। তিনি প্রথম আলোকে বললেন, ‘ওনার বই পড়ার আগ্রহ দেখে দোকানের একটি অংশ বিনা মূল্যে দিয়েছি। সেখানে তিনি বই পড়েন এবং ভাড়াও দেন। প্রতিদিনই সেখানে পাঠক আসছে। দেখে খুশিতে মন ভরে ওঠে।’
রংপুরের সাহিত্যিক ও সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘এভাবে পাঠাভ্যাস আর কেইবা গড়ে তুলতে পারে? স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণেরা সামান্য টাকার বিনিময়ে বই পড়তে পারছেন। আশা করি তরুণদের পাঠাভ্যাস আরও বেড়ে যাবে।’