ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালকেরা এবার রাস্তায়
বরগুনায় এবার পথে নেমেছেন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালকেরা। জেলার সব রুটে মোটরসাইকেল চালানোর ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং বাসমালিক-শ্রমিকদের নির্যাতন বন্ধের দাবিতে তাঁরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মোটরসাইকেলের চালক ও তাঁদের পরিবারের সদস্যরা বরগুনা-পাথরঘাটা সড়কের পরীরখাল বাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। কয়েক হাজার নারী-পুরুষ রাস্তায় বসে ও শুয়ে এই অবরোধে অংশ নেন। মোটরসাইকেলের চালকেরা জানান, তাঁরা ধার-দেনা করে এককালীন কিছু নগদ অর্থ দিয়ে মাসিক কিস্তিতে মোটরসাইকেল এনে ভাড়ায় যাত্রী পরিবহন করে পরিবারের ভরণপোষণ চালান। কিন্তু বাসমালিকেরা শুরু থেকেই এতে বাধা দিয়ে আসছেন। এমনকি মোটরসাইকেলের চালকদের বাসচাপা দিয়ে হত্যা, মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ নিয়ে বাস-মালিক-শ্রমিক ও মোটরসাইকেলের চালকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। বাসমালিকদের প্রভাব ও অর্থের কাছে স্থানীয় প্রশাসনও জিমিঞ্চ হয়ে পড়েছে। এই অবস্থার মধ্যেও তাঁরা বাধ্য হয়ে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করছেন। কিন্তু বর্তমানে বাসমালিক ও শ্রমিকদের সন্ত্রাসী কার্যকলাপ অনেক বেড়ে গেছে। রাস্তায় নামলেই মারধরের শিকার হতে হচ্ছে। তাই জীবিকার তাগিদে তাঁরা আন্দোলনে নেমেছেন। জেলা মোটরসাইকেল মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ বলেন, ‘প্রায় দুই হাজার বেকার যুবক ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পরিবারের ভরণপোষণ চালান। বাসমালিক ও শ্রমিকদের নির্যাতনে এখন আমরা কোণঠাসা।’ মোটরসাইকেল চালকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সগির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ছয়টার পর থেকে সব রুটে মোটরসাইকেল চলছে। এখন তারা সারা দিন এসব রুটে মোটরসাইকেল চালাতে চায়। সেটা হলে তো আমাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।’