ভায়রাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় ভায়রাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কুষ্টিয়া দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত লালন গাজী কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে ২০১৭ সালের ১২ মার্চ চিথলিয়া গ্রামের লালন গাজীকে তাঁর ভায়রা চিনি মোল্লা মারধর করেন। ঘটনার দুই দিন পর স্থানীয় বাজারে যাওয়ার পথে চিনি মোল্লাকে লালন গাজী হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাঁকে গুরুতর আহত অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় চিনি মোল্লার বড় ভাই মিরাজুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করেন। মিরপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর মামলাটি তদন্ত করে একই বছরের ৩১ আগস্ট লালন গাজীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন
রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী মামলাটি পরিচালনা করেন। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে ফাঁসির দণ্ড দিয়েছেন।
অনুপ কুমার নন্দী আরও বলেন, ময়নাতদন্তে প্রতিবেদনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকারের ইচ্ছাকৃত অবহেলা মর্মে প্রতীয়মান হওয়ায় তাঁকে ভবিষ্যতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন আদালত।