ভায়রাকে হত্যায় আরেক ভায়রার ফাঁসি
চট্টগ্রামে ভায়রাকে হত্যার দায়ে আরেক ভায়রা ফয়সাল ইসলামকে (রাসেল) ফাঁসি দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ের পর ফয়সালকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে জানান, ২০১৩ সালের ৫ অক্টোবর নগরের ডবলমুরিং থানার একটি মার্কেটের পঞ্চম তলায় ভায়রা অহিদুন নবীকে (শাহীন) ডেকে এনে ছুরিকাঘাত করে খুন করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. ইব্রাহীম বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়। পারিবারিক বিরোধের জের ধরে ভায়রাকে খুন করার কথা স্বীকারও করেন ফয়সাল। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১১ জানুয়ারি ফয়সালকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত বুধবার এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আসামির আইনজীবী কফিল উদ্দিন বলেছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।