ভি-স্যাট বন্ধের নির্দেশ বাতিল হচ্ছে
ভি-স্যাট বন্ধের নির্দেশ বাতিল করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ছয় মাস ভি-স্যাট চালুর (ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল) ওপর কোনো রকম নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন বিটিআরসির চেয়াম্যান জিয়া আহমেদ। তিনি বলেছেন, শিগগিরই ভি-স্যাটের গাইডলাইন তৈরি করা হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে ভি-স্যাট ব্যবহারকারী ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বিটিআরসির চেয়ারম্যান। এ সময় কমিশনার সুধীর কুমার মল্লিক এবং পরিচালক (লাইসেন্সিং) মো. শহীদুজ্জামান উপস্থিত ছিলেন। বৈঠকে ভি-স্যাটের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে অবৈধ কার্যক্রম থেকে ব্যবসায়ীদের সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি। তবে ভি-স্যাট ব্যবহারে আগ্রহীদের নিজেদের ব্যবসা এবং তাতে ভি-স্যাট ব্যবহারের কারণ চিহ্নিত করে লিখিত আকারে কমিশনে জমা দিতে হবে। আগামী সাত দিনের মধ্যে বিটিআরসির কাছে এ চিঠি পৌঁছাতে হবে। অন্যথায় ওই সব প্রতিষ্ঠান ভি-স্যাট ব্যবহারে অনুমতি পাবে না। এ সময় চেয়ারম্যান জানান, এর মধ্যেই ভি-স্যাটের গাইড লাইন চূড়ান্ত করা হবে।