সড়কজুড়ে ছোট-বড় গর্ত, কোথাও উঠে গেছে কার্পেটিং। ফুটপাতও নেই। মানুষ হাঁটছে সড়ক ধরে। সরু সড়কের গর্ত মাড়িয়ে গাড়ি চলছে হেলেদুলে। কনটেইনারবাহী গাড়ি বা কাভার্ড ভ্যান চলাচলের সময় বিপরীত থেকে আসা গাড়িকে থেমে যেতে হয়।
গত শনিবার সরেজমিনে দেখা গেল, চট্টগ্রাম বিমানবন্দর সড়কের এমন চিত্র। সড়ক দিয়ে বিমানবন্দর থেকে নিজ বাড়ি রাউজানে ফিরছিলেন প্রবাসী ইমরান সিকদার।
প্রথম আলোকে তিনি বলেন, বিমানবন্দর থেকে বের হওয়ার পরই গাড়িতে বসে থাকা যাচ্ছিল না। কখনো ওপরের দিকে, কখনো অন্য পাশে হেলে পড়ছিল। নগরের অন্যতম পর্যটন স্থান ১৫ নম্বর জেটি এলাকায় যেতে হলে এই সড়ক ব্যবহার করতে হয়। নিয়মিত বিমানযাত্রী ও তাঁদের স্বজনেরা এ সড়ক দিয়ে আসা-যাওয়া করেন। করপোরেশন সূত্রে জানা গেছে, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১০ সালে প্রায় সোয়া সাত কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কের আট হাজার ফুট দীর্ঘ চার লেনে সমপ্রসারণ ও সংস্কারের উদ্যোগ নেয় করপোরেশন। প্রকল্পের তথ্যানুযায়ী, ২০১২ সালের জুন মাসের প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে সংস্কার কার্যক্রমই শুরু হয়নি। সড়কের মাঝে মাঝে বিটুমিন দিয়ে খানাখন্দক ও গর্ত ভরাট করেই দায় সারে করপোরেশন।
সিএনজিচালিত অটোরিকশা-চালক মোহাম্মদ শাহেদ বলেন, ‘তারা (করপোরেশন) ভালোভাবে সংস্কার করে না। কয়েক দিন আগেই গর্তগুলো ঠিক করা হয়েছে। এর মধ্যে বিটুমিন ও ইটের খোয়া উঠে আগের অবস্থায় ফিরে গেছে গর্তগুলো।’ করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী প্রথম আলোকে বলেছেন, ‘অর্থ বরাদ্দের জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। সম্প্রতি একনেক অনুমোদন দিলেও অর্থ ছাড় করেনি। তাই প্রকল্পের মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত বর্ধিত করতে হবে। তহবিল সংকটের কারণে কাজ করতে কষ্ট হচ্ছে।’
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, একনেক গত ২৯ অক্টোবর প্রায় ১০ কোটি টাকার সংশোধিত প্রকল্প অনুমোদন করে। সড়কের মোট অংশকে ১২টি ভাগে ভাগ করে ১২টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। অন্য পাঁচটি প্রতিষ্ঠান কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, সড়কের বিভিন্ন অংশ বিশেষ করে শাহীনের ঘাট, লালদিয়ার চরসহ সড়কের বিভিন্ন অংশে প্রায় সময় অন্ধকার থাকে। বৈদ্যুতিক খুঁটি থাকলেও ওই সব এলাকায় বাতি জ্বলে না।
এ প্রসঙ্গে করপোরেশনের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহফুজুল হক বলেন, ‘সড়কের বিভিন্ন স্পটে ছিঁচকে চোরেরা অনেক সময় তার কেটে নিয়ে যায়। ফলে বাতি জ্বলে না। এ নিয়ে আমরা অসুবিধায় আছি। তবে খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সংস্কার করা হয়।’