ভিআইপি হর্নের ব্যবহার নিয়ন্ত্রণের সুপারিশ
রাজধানীতে ভিআইপি হর্নের ব্যবহার নিয়ন্ত্রণের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, কমিটি মনে করে যে বর্তমানে ভিআইপি হর্ন ব্যবহারের জন্য অনুমোদিত নয় এমন ব্যক্তিরাও ভিআইপি হর্ন ব্যবহার করছেন। বিশেষ করে সাংসদ ও সচিবালয়ের কর্মকর্তাদের গাড়ি ভিআইপি হর্নের অপব্যবহার করছে। ভিআইপি হর্ন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে সাধারণ পথচারী ও যাত্রীরা বিরক্ত হয় এবং সরকার, সাংসদ ও আমলাদের ওপর তাদের বিরূপ মনোভাব তৈরি হচ্ছে।
বৈঠকে আরও বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের এবং সাংসদদের গাড়িতে অপ্রয়োজনে জাতীয় পতাকার স্ট্যান্ড ব্যবহার করা হচ্ছে। এই সুযোগ নিয়ে তাঁরা যানজট এড়াতে আইন অমান্য করে রাস্তার উল্টোদিক দিয়ে গাড়ি চালিয়ে যান। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সৃষ্টি হয়। অনুমোদিত পদমর্যাদার ব্যক্তি ছাড়া অন্যদের গাড়ি থেকে পতাকার স্ট্যান্ড খুলে ফেলার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে সদস্যরা আরও বলেন, মন্ত্রী-সাংসদদের আত্মীয়স্বজনসহ অনেক ভুয়া ব্যক্তি অবৈধভাবে নিজেদের গাড়িতে সাংসদ ও সংসদের লগো ব্যবহার করে ট্রাফিক পুলিশের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে থাকেন। কমিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সংসদ ও সাংসদদের জন্য যন্ত্রে পাঠযোগ্য স্টিকার ছাপানো এবং ভুয়া স্টিকারধারীদের শনাক্ত করে আইনের আওতায় সোপর্দ করার সুপারিশ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কমিটির একজন সদস্য জানান, বৈঠকে শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে পাইপের ভেতর পড়ে শিশু জিহাদের মৃত্যু এবং তাকে উদ্ধারে সরকারের ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করে কমিটি। কমিটি এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চায়, সাধারণ মানুষ মৃত অবস্থায় শিশু জিহাদকে উদ্ধার করতে পেরেছে। অথচ অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে সরকারের ফায়ার সার্ভিস কেন উদ্ধার করতে পারল না। জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করে প্রসঙ্গটি এড়িয়ে যান।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটি দেশের বিভিন্ন স্থানে নাশকতা রোধ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা বাড়ানোর পরামর্শ এবং পুলিশের জনবল বাড়ানোর সুপারিশ করেছে।
টিপু মুন্সির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, শামসুল হক, ওমর ফারুক চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী অংশ নেন।