ভিওআইপি মামলায় ৪২ জন রিমান্ডে
ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামসহ গ্রেপ্তার ৪২ জনকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম আনোয়ার ছাদাত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত আসামিদের পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন।
গতকাল র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার কাজেমুর রশিদ আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, আসামিরা অবৈধভাবে দেশে বসবাস করে ভিওআইপি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ভিওআইপি ব্যবসা করছেন। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, তাদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত বছরের ২৩ ডিসেম্বর উত্তরা ১২ নম্বর সেক্টরের ২৮ নম্বর বাড়িতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কর্মকর্তাদের সহায়তায় অভিযান চালিয়ে ৩৭ জন বিদেশিসহ ৪২ জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৭ বিদেশি ও পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। ৩৭ বিদেশি নাগরিকের মধ্যে ৩২ জন তাইওয়ান এবং পাঁচজন চীনের নাগরিক। এ সময় তাঁদের কাছ থেকে ল্যাপটপ, ওয়াকিটকি, ল্যান্ডফোন, বিভিন্ন ব্র্যান্ডের কেব্ল, সিম, মডেমসহ এক কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি আটক ও জব্দ করা হয়। এ ঘটনায় বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে উত্তরা-পূর্ব থানায় একটি মামলা করা হয়।