ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গতকাল রোববার রাতে তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তাঁরা হলেন ইমরান হোসেন (২০), সাদেকুজ্জামান (২১) ও সজীব হোসেন (২০)। এঁদের গ্রামের বাড়ি বরিশালে।

র‌্যাব জানায়, র‌্যাব-২-এর মেজর মো. রাকিবুল আমিনের নেতৃত্বে একটি দল গতকাল দিবাগত রাত একটার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের ১৪/২৩ নম্বর বাড়ির পাঁচতলায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে ৩৫০ মোবাইলের সিমকার্ড, পাঁচটি মোবাইল সেট, কম্পিউটার, ল্যাপটপ, অ্যানটেনাসহ ১৫ লাখ টাকা মূল্যের ভিওআইপিসামগ্রী আটক করা হয়।

প্রায় এক বছর ধরে এই তিন যুবক ভিওআইপির ব্যবসা করছেন বলে জানান মেজর রাকিবুল আমিন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ওই যুবকেরা অল্প পুঁজিতে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতেন এই ভিওআইপি ব্যবসার মাধ্যমে। তবে তাঁরা নিজেদের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে ঢাকায় থাকেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।

এর আগে রাজধানীর হাজারীবাগ থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব-২। তাঁরা হলেন শাহাদাত্ হোসেন ফয়সাল (২৫) ও মো. জালাল (২৫)। গতকাল রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগের কালুনগর এলাকার ৩/১/ডি বিল্ডিংয়ের ছয়তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।