ভিকটিম সাপোর্ট সেন্টারের যাত্রা শুরু
নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা দিতে নওগাঁয় ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এ কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ‘এই ভিকটিম সাপোর্ট সেন্টার সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। এখানে সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা, কাউন্সেলিং, জরুরি চিকিৎসাসেবাসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও রকিবুল আক্তার, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনিছুর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা জোবায়েত আলী প্রমুখ।
ভিকটিম সাপোর্ট সেন্টারের দুটি হটলাইন (০৭৪১৬২২৬৬৭, ০১৭৬৯৬৯১০৮৩) নম্বর দেওয়া হয়েছে। এই নম্বরে দিন-রাত ২৪ ঘণ্টা নির্যাতিত নারীরা তাঁদের যেকোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারবেন।