ভিকারুননিসা কলেজেও ভর্তি নিজস্ব নিয়মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির ফলের ওপর ভিত্তি করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলারের কার্যকারিতা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেধার ভিত্তিতে উচ্চমাধ্যমিকে ভর্তির নীতিমালা ২০১৭ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ইউনূছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।
এর আগে গত সোমবার হাইকোর্টের আরেকটি বেঞ্চ নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজের ক্ষেত্রেও উচ্চমাধ্যমিকে ভর্তির নীতিমালা ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দেন। এর ফলে ওই তিন কলেজও নিজেদের নিয়মে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।
এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে উচ্চমাধ্যমিকে ভর্তির নীতিমালা ৭ মে জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালার কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আইনজীবী ইউনূছ আলী আকন্দ ও এই তিন কলেজের অধ্যক্ষরা।