শিক্ষক পরিমলের ফাঁসির দাবিতে গতকাল শনিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ও বর্তমান ছাত্রীরা মানববন্ধন করেছে। বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বেইলি রোডে স্কুলের মূল ফটকের সামনে তারা মানববন্ধন করে। এ সময় অভিভাবকেরা সেখানে উপস্থিত ছিলেন।মানববন্ধনে ছাত্রীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। পুলিশ ও র্যাব সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। একপর্যায়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী ও শিক্ষকেরাও পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে যোগ দেন।এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাহাদত হোসেন প্রথম আলোকে টেলিফোনে বলেন, শিক্ষক পরিমল জয়ধর ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে মুঠোফোনে ধারণ করা ভিডিওচিত্র সম্পর্কে মুখ খোলেননি। গতকাল অভিভাবক ঐক্য ফোরাম জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পড়েন ফোরামের সভাপতি জিয়াউল কবির।