ভিকারুননিসা নূনে পুরস্কার বিতরণী
সবচেয়ে ভালো ফল অর্জন করায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির ছাত্রীদের পুরস্কার দিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ৷ এ ছাড়া নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকায় প্রায় ৫০ জন শিক্ষককেও পুরস্কার দেওয়া হয়েছে।
গতকাল শনিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি বলেন, সমাজে মেয়েদের এখন আর নিচু করে দেখার বিষয় নয়। প্রতিটি ক্ষেত্রে ছেলেমেয়ের সমান অধিকার। আজকের তরুণ প্রজন্মই দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও মুক্তিযোদ্ধাদের ভালোবাসতে হবে। মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই আজকের এই স্বাধীন বাংলাদেশ।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছা. সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।