ভিকারুননিসা স্কুলের ফি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাসিক ফি (বেতন) বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক। এ নিয়ে গতকাল সোমবার প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে গিয়েও বিষয়টি জানতে চেয়েছেন অভিভাবকেরা।
তবে বিষয়টি জানার জন্য অধ্যক্ষ সুফিয়া খাতুনের মুঠোফোনে কয়েকবার ফোন করলেও তাঁকে পাওয়া যায়নি।
জাহেদ স্বপন নামে একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, প্রথম শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তির টাকা জমা দেওয়ার সময় জানা যায়, মাসিক ফি ধরা হয়েছে ১,৫০০ টাকা। এর আগে ফি ছিল ৮০০ টাকা। অন্যান্য ক্লাসের মাসিক ফিও বাড়ানো হচ্ছে।
বিষয়টি জানাজানি হলে স্কুলের বাইরে অপেক্ষমাণ অভিভাবকেরা প্রতিষ্ঠানটির ফটকে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে কয়েকজন অভিভাবককে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়। জাহেদ স্বপন আরও বলেন, অধ্যক্ষ তাঁদের বলেছেন, শিক্ষকদের বেতন দেওয়াসহ নানা খরচের কারণে মাসিক ফি বাড়ানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে তিনি পরিচালনা কমিটির সঙ্গে কথা বলবেন।