ভিকারুননিসা স্কুলের বিশেষ কমিটি নিয়ে শুনানি ১২ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মেয়েদের সবচেয়ে বড় বিদ্যালয় ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ পরিচালনার জন্য গঠিত বিশেষ কমিটি বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ১২ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষের করা আবেদনের ওপর গতকাল বুধবার চেম্বার আদালতে শুনানি হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। শুনানি শেষে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
পরে ইউনূছ আলী প্রথম আলোকে বলেন, চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১২ জুন নির্ধারণ করে দিয়েছেন।
গত ১ জুন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ পরিচালনার জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে ২০০৯ সালে প্রণীত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৫(২) ও ৫০ বিধি অবৈধ ঘোষণা করেন। এই রায়ের ফলে এখন সাংসদেরা ইচ্ছা করলেই আর সর্বোচ্চ চারটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। দেশের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই আর বিশেষ কমিটিতে থাকতে পারবেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালে সর্বশেষ ভিকারুননিসা নূন স্কুলের গভর্নিং বডির নির্বাচন হয়। ২০০৯ সালে প্রবিধানমালা তৈরি হলে ৫৩ বিধি অনুসারে সব কমিটি বাতিল করে অ্যাডহক ও বিশেষ কমিটি গঠন করা হয়। ওই সময় থেকে স্কুলটিতে চারবার অ্যাডহক কমিটি ও দুবার বিশেষ কমিটি গঠন করা হয়। সর্বশেষ বিশেষ কমিটি গঠন করা হয় গত বছরের ৩১ ডিসেম্বর। এরপর গত ১৬ জানুয়ারি ওই বিশেষ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন আইনজীবী ইউনূছ আলী আকন্দ। ১ জুন রায় হয়।