ভিকারুননিসায় ভর্তির জন্য লটারির আগেই 'পরীক্ষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিশুদের ভর্তি করার নিয়ম থাকলেও রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বাছাইয়ের নামে লটারির আগে ‘পরীক্ষা’ নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক।
প্রথম শ্রেণীতে ভর্তির ফরম বিক্রির পর এই স্কুলে আবেদনকারী শিশুদের গত শনিবার থেকে প্রাথমিক বাছাই শুরু হয়ে গতকাল রোববার শেষ হয়। আগামী ৬ ডিসেম্বর বাছাইয়ের ফল প্রকাশ করা হবে। এরপর প্রাথমিকভাবে বাছাই হওয়া শিশুদের মধ্যে লটারি হবে। লটারির সম্ভাব্য তারিখ ২০, ২১ ও ২২ ডিসেম্বর।
একাধিক অভিভাবক প্রথম আলোকে জানান, বাছাইয়ের কথা বলা হলেও তাঁদের সন্তানদের এক প্রকার পরীক্ষা দিতে হয়েছে। শিশুদের বাংলা, ইংরেজি ও গণিতের মতো বিভিন্ন বিষয়ের উত্তর দিতে হয়েছে।
তবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম পরীক্ষা নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, গত বছরের মতোই বাছাই হয়েছে। এতে শিশুদের আগের মতো কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে। এ জন্য তাদের নোটিশেই পেনসিল ও রাবার নিয়ে আসার জন্য বলা হয়েছে। এটা নতুন কিছু নয়।
একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, যদি এভাবে পরীক্ষাই নেওয়া হবে তাহলে আবার লটারি কেন? এর মাধ্যমে তো অনেক শিশু আগেই বাদ পড়ে যাচ্ছে। লটারিরও সুযোগ পাচ্ছে না। তাহলে আর লটারির কোনো মূল্য থাকে না। তাঁদের আশঙ্কা, এর মাধ্যমে অভিভাবকদের আবারও সেই কোচিংয়ের দ্বারস্থ হতে হবে।
লটারির আগে পরীক্ষার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে নীতিমালা অনুযায়ী ভর্তিতে বেশি টাকা নিয়েও তা ফেরত না দেওয়ায় ভিকারুননিসাসহ রাজধানীর তিন প্রতিষ্ঠানের অধ্যক্ষের বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি অনুদান (এমপিও) স্থগিত করেছিল শিক্ষা মন্ত্রণালয়।