ভিকারুননিসায় শুরু ট্রাইউন উৎসব

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ক্লিক, ক্রিয়েট ও কানেক্ট স্লোগানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ট্রাইউন উৎসব। ভিকারুননিসার স্কুল শাখার ফটোগ্রাফি, চারু ও কারু এবং অ্যানিমি ক্লাব যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
গতকাল মঙ্গলবার বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়। গতকাল উদ্বোধন হলেও এ উৎসবের বাকি দুদিন হবে ১৩ ও ১৪ নভেম্বর।
উদ্বোধনী বক্তব্যে মতিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ‘তোমরা আরও ভালো হও। আরও বড় হও। তবে শেষ বিচারে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে হয়। পাশাপাশি আজ যে উদ্দেশ্যে তোমাদের এখানে আসা সেই ছবি তোলা, আঁকাআঁকি; এগুলো জীবনে খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই উদ্যোগ অব্যাহত থাকুক।’ তিনি বলেন, ‘তোমরা অবশ্যই ভালো পড়াশোনা করবে, পাশাপাশি কবিতা পড়বে, গল্প পড়বে, উপন্যাস পড়বে, বেশি বেশি করে সিনেমা দেখবে। গান শুনবে। দেশি-বিদেশি সব ধরনের গান শুনবে। তাহলে মন ভালো থাকবে, বড় হবে। সাহস বাড়বে, উদ্যোগী হবে।’ তিনি আরও বলেন, ‘আমি সব সময় বলি, মেয়েরা শ্রেষ্ঠ। আর মেয়েদের ভাইদের বলি, সব সময় সবকিছু নিয়ে বোনদের সঙ্গে দুষ্টামি করবে না। ঝগড়া করবে না, কষ্ট দেবে না। সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক রাখবে।’
ভবিষ্যতে এই অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করতে প্রথম আলো সব ধরনের সহযোগিতা করবে বলে ঘোষণা দেন মতিউর রহমান। তিনি বলেন, প্রথম আলো ভিকারুননিসার সব ভালো কাজ ও উদ্যোগে পাশে থাকার চেষ্টা করে।
ট্রাইউন বা একের ভেতর তিন উৎসবে ফটোগ্রাফি ক্লাবের সদস্যদের তোলা বিভিন্ন ধরনের ছবি দিয়ে আলোকচিত্র প্রতিযোগিতা ও কুইজ আয়োজন করা হচ্ছে। এ ছাড়া চারু ও কারু এবং অ্যানিমি ক্লাবের আয়োজনে পোস্টার, দেয়ালপত্রিকা, চারু ও কারুপণ্য তৈরি প্রতিযোগিতা, অ্যানিমি কুইজ, কলা, সংস্কৃতি এবং ভাষাভিত্তিক কুইজ, চিত্রাঙ্কন, অ্যানিমি অঙ্কনের প্রতিযোগিতা হচ্ছে।
উৎসবে ছিল ‘কিশোর আলো’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। নিজেদের তৈরি বিভিন্ন কারুপণ্য নিয়ে স্টল দেন শিক্ষার্থীরা। উৎসব উপলক্ষে বের করা হয় দেয়ালপত্রিকাও।
অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন ছাড়াও প্রতিষ্ঠানটির ইংরেজি শাখার শিক্ষিকা ওয়াহিদা জাফর, সামিয়া বারী, নাজমুস সেহের প্রমুখ উপস্থিত ছিলেন।