ভিকারুননিসার বিশেষ কমিটি কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনার জন্য গঠিত বিশেষ কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ওই বিশেষ কমিটির সভাপতি।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল দেন। শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক, কমিটির সভাপতি রাশেদ খান মেনন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে এই রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। গতকাল তিনি নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন।
পরে ইউনূছ আলী প্রথম আলোকে বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা প্রবিধানমালা ২০০৯-এ বলা হয়েছে, দুই বছর পরপর অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচিত কমিটির মাধ্যমে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হবে। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ২০০৮ সালের পর থেকে আর কোনো কমিটি ভোটের মাধ্যমে হয়নি। এরপর ২০১০ সাল থেকে চার দফায় অ্যাডহক ও বিশেষ কমিটি গঠন করা হয়েছে, প্রতিবারই যার সভাপতি রয়েছেন রাশেদ খান মেনন। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর নতুন বিশেষ কমিটি গঠন করা হয়। এ জন্য ওই কমিটি বৈধ নয়।