ভিকারুননিসার বিশেষ কমিটি বাতিল
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনার জন্য গঠিত বিশেষ কমিটি বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ছয় মাসের মধ্যে পরিচালনা পর্ষদের নির্বাচন দিতে হবে।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের ওপর আজ বুধবার এই রায় দেন।
রায়ের পর রিট আবেদনকারী আইনজীবী ইউনূছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, এই রায়ের ফলে মন্ত্রী ও সাংসদ রাশেদ খান মেনন আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটির সভাপতি থাকতে পারবেন না।
রিট আবেদনের বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন হয়। ২০০৯ সালে সব কমিটি বাতিল করে অ্যাডহক ও বিশেষ কমিটি গঠন করা হয়। এরপর কয়েক দফায় অ্যাডহক ও বিশেষ কমিটি গঠন করা হয়, প্রতিবারই যার সভাপতি হন রাশেদ খান মেনন।
ওই অ্যাডহক ও বিশেষ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। তাঁর আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে চলতি বছরের জানুয়ারিতে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আজ ওই রিটের ওপর রায় দেওয়া হলো।