ভিকারুননিসার শিক্ষক পরিমল রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী ধর্ষণের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মহানগর হাকিম শামীমা পারভীন এ রিমান্ড মঞ্জুর করেন। আসামির পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাহাদত হোসেন পরিমলকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এতে বলা হয়, আসামি পরিমলের কাছে যে ভিডিওচিত্র রয়েছে তা উদ্ধার এবং তাঁর সহযোগীদের নাম-ঠিকানা জানার জন্য রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার সকালে গোয়েন্দা পুলিশ কেরানীগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে পরিমলকে গ্রেপ্তার করে। পরে রাতে তাঁকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়। অভিভাবক ঐক্য ফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে ফেলে। কোচিং না করলে পরীক্ষায় কম নম্বর দেওয়ার হুমকি তো আছেই। ফলে অন্য রকম কিছু ঘটলেও বিষয়টি চেপে যেতে বাধ্য হয় তারা। তাই সরকারের উচিত প্রজ্ঞাপন জারি করে কোচিং-বাণিজ্য বন্ধ করা।’ফোরামের সভাপতি জিয়াউল কবির বলেন, ‘আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার নবম শ্রেণীর এক শিক্ষার্থী কোচিং-বাণিজ্যের শিকার হয়েই গত বছর নভেম্বরে ধর্ষণের শিকার হয়। সেই শিক্ষার্থীও শিক্ষকের বাসায় কোচিং করতে গিয়েছিল।’গতকাল বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সই করা এক বিবৃতিতে শিক্ষক পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।