চারদিকে ছোপ ছোপ রক্তের দাগ। কোথাও পুড়ছে মানববসতি, কোথাও বুদ্ধের খণ্ড-বিখণ্ড মূর্তি। পুড়ে যাওয়া টুকরা টুকরা কাগজে লেখা ঘটনার বর্ণনা। এভাবে পোস্টারে উঠে এসেছে কক্সবাজারের রামু ও উখিয়ায় বৌদ্ধপল্লিতে হামলার ঘটনা।গতকাল বৃহস্পতিবার এ পোস্টার প্রদর্শনীর আয়োজন করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। প্রদর্শনীতে বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রীদের বানানো পোস্টার স্থান পেয়েছে। সব পোস্টারেই ছিল জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী স্লোগান আর ছবি।পোস্টার প্রদর্শনীর পাশাপাশি ছিল ছাত্রীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা। সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা রামু ও উখিয়ায় ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান। তাঁরা জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতাকে ধিক্কার জানান।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনাকে ঘিরে বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি গড়ে উঠেছে। প্রতিদিন সকালে আমরা যেমন নিজ নিজ ধর্মের প্রতি অনুগত থাকার শপথ নিই, ঠিক একইভাবে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধার বিষয়টিও মনে রাখতে হবে।’শিক্ষার্থীদের সামনে রামু ও উখিয়ায় সাম্প্রদায়িক হামলায় ধ্বংসের বর্ণনা দেন সাংবাদিক সুপ্রীতি ধর। এ সময় অন্যদের মধ্যে স্কুলের মূল প্রভাতি শাখার প্রধান শিক্ষিকা আকতারী বাশার বক্তব্য দেন।