ভিকারুননিসায় 'আমি বাংলাদেশ' কনসার্ট
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিদ্ধেশ্বরী শাখায় আজ শনিবার ‘আমি বাংলাদেশ’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়। প্রথম আলো আয়োজিত এই কনসার্টে ব্যান্ড দল চিরকুট, জলের গান ও নোঙ্গর সংগীত পরিবেশন করে। এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন দিনাত জাহান ও মিনার।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ইংরেজি মাধ্যমের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীরা এ কনসার্ট উপভোগ করে। কনসার্ট শুরু হয় বেলা পৌনে তিনটায়। প্রথমে জন লেননের বিখ্যাত ‘ইমাজিন’ গানটিতে কণ্ঠ দেয় সংগীতশিল্পী দিনাত জাহান ও ইশরাক নাওয়ার। দিনাত জাহানের মেয়ে ইশরাক নাওয়ার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। দিনাত জাহান একক কণ্ঠে পরপর গেয়ে শোনান ‘আমার মাঝে এখন আমি’ ও ‘দুঃখটাকে দিলাম ছুটি’। এরপর মঞ্চে আসেন মিনার। তিনি ‘তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি’ গানটিসহ পরপর তিনটি গান শোনান। এরপর সংগীত পরিবেশন করে চিরকুট, জলের গান ও নোঙ্গর। এ সময় উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।
এর আগে বেলা আড়াইটার দিকে কনসার্টের উদ্বোধন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘গান শোনা এবং শিল্পীদের সম্পর্কে জানা সবার জন্য জরুরি। পড়াশোনার পাশাপাশি সব শিক্ষার্থীরই গান শোনা, সিনেমা দেখা, খেলাধুলা করা দরকার। তাই এই কনসার্টের আয়োজন করেছে প্রথম আলো।’ মতিউর রহমান বলেন, ‘আমরা সবাই গান শুনতে ভালোবাসি। সুযোগ পেলেই শিক্ষার্থীদের গান শোনাই। কারণ, গান শুনলে মন ভালো থাকে। এ ছাড়া শুদ্ধভাবে কথা বলতে চাইলে গান শোনা দরকার।’
কনসার্টে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমীন প্রমুখ বক্তব্য দেন।