ভিক্টোরিয়া একাডেমির ১২৫ বছর পূর্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষালোকের ঝর্নাধারায় ১২৫ বছর’ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার শেরপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ১২৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। গতকাল দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে নামফলক উন্মোচন করে দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ মো. আফজাল হোসেন ও চট্টগ্রাম-৫ আসনের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। উদ্বোধনের পর শুরু হয় আলোচনা সভা।আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শেরপুর চেম্বারের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম সাঈদা খাতুন প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানের পর শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিকেলে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা এবং সন্ধ্যায় আতশবাজি পোড়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাল বুধবার বর্তমান শিক্ষার্থীদের কথামালা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন আঁখি আলমগীরসহ স্থানীয় শিল্পীরা।